সরকারি নিয়োগ স্থগিতের সার্কুলার দেয়া হয়েছে সাইফুর রহমানকে না জানিয়ে
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের অনুপস্থিতিতে সরকারি নিয়োগ স্থগিতকরণের সার্কুলার হওয়ায় রোববার তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের একটি মেমো উল্লেখ করে পূর্ত মন্ত্রণালয় ২৬ অক্টোবর নতুন নিয়োগ স্থগিতকরণ সংক্রান্ত সার্কুলার জারি করে। সাইফুর রহমান ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার অর্থনীতি বিষয়ক মন্ত্রিপরিষদের এক বৈঠকে সভাপতিত্বকালে তিনি পূর্ত মন্ত্রণালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এক্ষেত্রে তিনি পূর্ত মন্ত্রণালয়ের এ আদেশকে সম্প্রতি সরকার যে পিআরএসপি অনুমোদন করেছে, তার বিরোধী বলে উল্লেখ করেন।
বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি না।
তিনি বলেন, সরকারি ক্ষেত্রে নতুন নিয়োগ বন্ধ করা হবে না। তবে কেবল সরকারি ক্ষেত্রে নয়, বেসরকারি ক্ষেত্রেও চাকরির সুযোগ সৃষ্টি করা হবে বলে তিনি উল্লেখ করেন।
অর্থমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাস করতে যাচ্ছে পিআরএসপি।
তিনি বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ছাড়া সরকারের পক্ষে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র
বাস্তবায়ন করা সম্ভব হবে না।
বুধবার পূর্ত সচিব এএসএম আবদুল হালিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৪ সালের ষষ্ঠ জাতীয় পে কমিশনের সুপারিশ পর্যালোচনা সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার সার্ভিস ও চুক্তিভিত্তিক নিয়োগ ছাড়া সকল শূন্য পদে নতুন করে নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হলো।
সরকারি কর্মকর্তারা বলেন, এ বিজ্ঞপ্তির পর চলতি বছরে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের প্রায় ৬০ হাজার শূন্যপদের বিপরীতে নিয়োগের যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে জটিলতা দেখা দিয়েছে।
পিআরএসপি অনুযায়ী, প্রায় ৯১ দশমিক ৬ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা রয়েছে। এর ফলে ২০০৮ অর্থবছর নাগাদ মোট কর্মসংস্থানের সংখ্যা হবে প্রায় ৫ দশমিক ৮১ কোটি।
