২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার দেশের বিশিল্পায়নের হোতা: আ. লীগের সেমিনারে বক্তারা

চার দলীয় জোট সরকারকে দোষারোপ করে আওয়ামী লীগ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, এ সরকার দেশের বিশিল্পায়নের হোতা। তারা বলেন, বিগত চার বছরের শাসনকালে তারা পাট, চিনি ও কাগজ শিল্পের মতো সম্ভাবনাময় শিল্পখাতকে ধ্বংস করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

জাতীয় প্রেসক্লাবে রোববার প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আয়োজিত ‘বাণিজ্য ও শিল্প খাতে জোট সরকার সৃষ্ট সঙ্কট থেকে উত্তোরণ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা দেশের শিল্পখাতকে ধ্বংস করে ফেলার জন্য ক্ষমতাসীন জোট সরকারকে দায়ী করেন।

সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহীউদ্দিন খান আলমগীর এবং বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফারুক খান এমপি’র পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক আবুল বারাকাত।

সেমিনারে বক্তারা বলেন, জ্বালানি ও বিদ্যুৎখাতে দায়সাড়া মনোভাবসহ সংগঠিত দুর্নীতি ও পদ্ধতিগত দুর্বলতার মাধ্যমে দেশের শিল্পায়নের গতিকে রুদ্ধই করা হয়নি শুধু, আমদানিকেও উৎসাহিত করা হয়েছে। এসবের মাধ্যমে জোট সরকার বাংলাদেশকে একটি আমদানি নির্ভর দেশে পরিণত করেছে বলে বক্তারা জানান।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতা, জনগণের ক্রয়ক্ষমতা ধ্বংস, অর্থসংক্রান্ত নীতিমালা ব্যবস্থাপনায় অস্থিতিশীলতার জন্য তারা সরকারকে দায়ী করেন।

তারা বলেন, এতে শুধু দেশের অর্থনৈতিক খাতই বাধাগ্রস্ত হয়নি বাণিজ্য ও বিনিয়োগ খাতও মুখ থুবড়ে পড়েছে।

এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনায় সরকার এলডিসি হিসেবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

জ্বালানি ও বিদ্যুতের ঘাটতির কথা উল্লেখ করে আব্দুল জলিল বলেন, এই অনিশ্চিত পরিস্থিতির কারণে টাটাসহ অন্যান্য বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবে না।

মতিয়া চৌধুরী বলেন, সার কারখানাগুলোতে গ্যাসের সাম্প্রতিক ঘাটতির কারণে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং এতে দেশের গ্রামীণ অর্থনীতি মারাত্মক প্রভাব পড়বে।

আওয়ামী লীগের উপদেষ্টা এএসএইচকে সাদেক সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতির ব্যাপারে প্রশ্ন উত্থাপন করে বলেন, প্রতিশ্রুতির অভাবে এ সরকার জণগণের ন্যূনতম দাবিও পূরণ করতে পারেনি।

মহীউদ্দিন খান আলমগীর বলেন, দেশের শিল্প ও বাণিজ্য খাতকে জোরদার করার ব্যাপারে এ সরকারের কাছ থেকে জনগণ কোনও দীর্ঘস্থায়ী পরিকল্পনা পায়নি।

তোফায়েল আহমেদ বলেন, দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরকার একটি ইউনিটও সংযুক্ত করতে পারেনি।

বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের (বিইএ) সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারাকাত অর্থসামাজিক খাতের সংগঠিত দুর্নীতি জনগণের ওপর চেপে বসেছে বলে তার প্রবন্ধে দাবি করেন।

বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, যেদেশে পেঁয়াজের দাম রাতারাতি বিশ গুণ বেড়ে যায়, সেদেশে কোনও সরকার আছে তা ভাবতেও আমাদের আশ্চর্য লাগে।