ব্রিক লেনে জায়গার ভাড়া ব্যাপক বৃদ্ধি, রেস্তোরা ব্যবসা সংকটে
লন্ডনস্থ ব্রিক লেন এলাকায় জায়গার ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশীদের দ্বারা পরিচলিত রেস্তোরা ব্যবসা এখন সংকটের মুখে।
সূত্র জানায়, এ রকম পরিস্থিতিতে বাংলদেশী ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।
ব্রিক লেন বিজনেস অ্যাসোসিয়েশনের প্রধান মাহমুদ রাউফ বলেন, অন্য কোথাও যদি জায়গার ভাড়া বছরে পাঁচ হাজার পাউন্ড হয়, তবে এখানে সেই জায়গায় ভাড়া হচ্ছে ১৫ হাজার ডলার।
তিনি জানান, এরই মধ্যে তাদের কয়েক জন ব্যবসায়ী লোকসানের শিকার হয়েছেন। বর্তমানে তারা ব্যাংক ঋণ নিয়ে কয়েক মাসের জন্য ব্যবসা চালিয়ে যাবার চেষ্টা করছেন। তিনি বলেন, যদি তারা ব্যবসা দাঁড় করাতে ব্যর্থ হন, তবে তাদের কি অবস্থা হবে, তা বলা মুশকিল।
তিনি জানান, সম্প্রতি লন্ডন ইস্ট এন্ডস্থ জনপ্রিয় সড়কে জায়গার ভাড়া আকাশ চুম্বী হওয়ায় কিছু খুচরা ব্যবসায়ী শুধু ব্যবসায়ে টিকে থাকার জন্য ব্যাংক থেকে বিপুল অংকের ঋণ গ্রহণ করেছে।
নির্ভরযোগ্য এবং কম দামের জন্য বিখ্যাত এই রাস্তার খাবারের দোকানগুলোর খুচরা ব্যবসায়ীদের এ বছর জায়গার জন্য বার্ষিক ভাড়া গুনতে হবে কম করে হলেও ৪০ হাজার পাউন্ড, যা দশ বছর আগের তুলনায় চারগুন বেশি।
লন্ডনে সাত জুলাই বোমা হামলার পর আশানুরূপ বিক্রি বৃদ্ধি না পাওয়ায় এবং তার ওপর জায়গার ভাড়া বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দারুণ হতাশার মধ্যে পড়েছে।
রউফ জানান, বর্তমান পরিস্থিতিতে তাদেরকে নিশ্চিত লোকসান গুনতে হবে। কারণ খুচরা ব্যবসায়ীরা যদি সড়ক থেকে ওঠেও যায়, ক্রেতারা তাদেরকে অনুসরণ করবে না। আর অন্যদিকে, যদি তারা ব্রিক লেন সড়কে অবস্থান করে, তবে তো তাদের জায়গা ভাড়া বাবদ প্রচুর লোকসান দিতে হবে।
লন্ডন শহরের রেস্তোরা ব্যবসায়ীরা জানান, বর্তমানে ব্রিক লেন সড়কে ২০টির বেশি খাবারের দোকান চালু রয়েছে। বেশির ভাগ বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকই খাবারের জন্য এ দোকানগুলোইতে ছুটে আসে।
