বিজিএমইএ-র সহায়তায় দেশে প্রথম অত্যাধুনিক সোয়েটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত
বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (বিআইএফটি) ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর যৌথ উদ্যোগে দেশে প্রথম একটি অত্যাধুনিক সোয়েটার তৈরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হয়েছে।
প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার বক্তব্য রাখেন বিজিএমইএ’র সভাপতি আনিসুল হক , পরিচালক টিপু মন্সী, এসইডিএফ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক পি অধীকারী এবং বিআইএফটি’র সভাপতি বেনজীর আহমেদ।
বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, এই কেন্দ্রের মাধ্যমে প্রায় ৮০০ সোয়েটার ফ্যাক্টরির দক্ষ শ্রমিকের অভাব পূরণ করা সম্ভব হবে।
টিপু মন্সী বলেন, ১৮টি প্রতিষ্ঠানের মালিকের কয়েক লাখ টাকা সহায়তা মাধ্যমে কেন্দ্রটি স্থাপন করা সম্ভব হয়েছে।
দীপক পি অধীকারী বলেন, বাংলাদেশে দক্ষ শ্রমিকের অভাবে ভারত ও শ্রীলংকা থেকে কর্মী নিয়োগ করা হয়। এই কেন্দ্র এ ধরনের সমস্যা দূর করবে।
বেনজীর আহমেদ বলেন, এই কেন্দ্র স্থাপনে এসইডিএফ ৮ লাখ ৭০ হাজার টাকা সহায়তা করেছে। তাছাড়া প্রশিক্ষণ পরিচালনার ব্যাপারেও তারা সহায়তা করবে।
এই কেন্দ্রে প্রতি মাসে প্রায় ৩০০ জন দক্ষ অপারেটরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং বার্ষিক চার হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশের গার্মেন্টস খাতে প্রায় ২০ লাখ শ্রমিক কাজ করলেও এরা কোনও প্রশিক্ষণ ছাড়াই কাজে যোগ দেন। ফলে বাংলাদেশের শ্রমিকদের উৎপাদনশীলতা তুলনামূলক কম।
উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন সম্ভবনাময় সোয়েটার শিল্পে প্রচুর দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। অথচ দক্ষ কর্মীর অভাবে এ খাতে হাজার মেশিন অকার্যকর অবস্থায় রয়েছে। শ্রমিকদের দক্ষ করার কোনও মানসম্মত প্রতিষ্ঠান এতদিন দেশে ছিল না। আট হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট এই কেন্দ্রে রয়েছে ৮০টি ফ্লাট বেড নিট মেশিন ও ৬৪টি ডায়াল লিংকিং মেশিন।
বিজিএমইএ’র কয়েকজন সদস্য এই মেশিনগুলো অনুদান হিসেবে দিয়েছেন। সাউথএশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফান্ড (এসইডিএফ) এই কেন্দ্রের প্রচারণা ব্যয়ে সহায়তা করবে। এ লক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে একটি স্মারক স্বাক্ষরিত হয়েছে। অলাভজনক এই কেন্দ্রে খুবই স্বল্প খরচে প্রশিক্ষণ প্রদান করবে।
গত অর্থবছরে সোয়েটার শিল্পের মাধ্যমে ৯০২ মিলিয়ন ডলার অর্জিত হয়েছে। এই খাতে প্রবৃদ্ধির পরিমাণ ৩২ শতাংশ। কোটামুক্ত সময়ে নিট খাতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি ঘটেছে।
