রাজশাহীতে পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য মসলার দাম
নগরীতে পেঁয়াজের মূল্য বৃদ্ধির সাথে সাথে গরম মসলাসহ অন্যান্য মসলার দামও বৃদ্ধি পেয়েছে। গত মাসের তুলনায় এবার সব ধরনের মসলার দাম বেশি। এক মাসের ব্যবধানে প্রতি ১০০ গ্রাম গরম মসলার দাম দুই থকে পাঁচ টাকা বেড়েছে।
রাজশাহীতে অধিকাংশ মসলা আসে ঢাকা থেকে কিংবা সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে। চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ জিরা ও গরম মসলা এলেও তা ঢাকার বাজারের হিসেবেই বিক্রি হয়। রাজধানীর পাইকারী বাজারের দামের সঙ্গে পরিবহন ও চাঁদা খরচ যোগ করে এখানে খুচরা বাজারে মসলা বিক্রি হয়। এ কারণে রাজধানীর চেয়েও রাজশাহীতে প্রতিটি মসলার দাম বেশি পড়ে।
নগরীর সাহেব বাজার ও হড়গ্রাম বাজারের কয়েকটি মুদি দোকান ঘুরে জানা যায়, সম্প্রতি ঢাকার পাইকারী বাজার থেকে প্রতি কেজি জিরা ১৫০ টাকা, এলাচ ৪২০ টাকা, দারুচিনি ৭০ টাকা, কিসমিস ১৮০ টাকা, পেস্তা বাদাম ৯৫০ টাকা, কাঠবাদাম ৭০০ টাকা ও কালোজিরা ৭০ টাকায় কিনেছে।
এদিকে নগরীর বিভিন্ন মুদি দোকানে খুচরা হিসেবে ১০০ গ্রাম জিরা ১৮ টাকা, এলাচ ৬০ টাকা, লবঙ্গ ৪০ টাকা, গোলমরিচ ৪০ টাকা, কিসমিস ২৫ টাকা, পেস্তা বাদাম ১৫ টাকা, কাঠ বাদাম ১২ টাকা ও কালোজিরার দাম ১০ টাকা।
এক মাস আগে এসব মসলা দুই থেকে পাঁচ টাকা কম দামে বিক্রি হয়েছে। গত ঈদের তুলনায় এবার প্রতিটি মসলার পাইকারী দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান।
ঢাকার বাজার থেকে এক কেজি এলাচ ৪২০ টাকা ও দারুচিনি ৭০ টাকায় কিনে তা ১০০ গ্রামের হিসেবে যথাক্রমে ৬০০ ও ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এ দুইটি মসলা পাঁচ কিংবা ১০ টাকায় কিনলে তার প্রকৃত মূল্য পড়ছে এক হাজার ও ৩০০ টাকার মত।
এদিকে মসলার বাজারে ক্রেতারা সাধারণত ১০০ কিংবা ৫০ গ্রামের হিসেবে মসলা কেনেন। স্বল্প আয়ের মানুষেরা ওজনের হিসেবে তা কিনতে পারেন না বলে ৫/১০ কিংবা বড়জোর ২০ টাকার গরম মসলা কেনেন। বর্তমানে খুচরা বাজারে অন্যান্য মসলাও স্বল্প আয়ের মানুষদের কয়েক গুন বেশি দামে কিনতে হচ্ছে।
কৃষি বিপণন অধিদপ্তরের এ মাসের দৈনিক বাজার দরের তালিকা থেকে জানা যায়, চলতি অক্টোবরের প্রথম দুই সপ্তাহে প্রতি কেজি দেশী রসুনের দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকায়। নতুন আদার দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। এখন তার দাম ৬০ থেকে ৬৫ টাকা। রাজশাহীর বাজারে ১০০ গ্রাম গুড়ো হলুদ ১৪ টাকা, মরিচ ১৭ টাকা ও ধনে গুড়ো ১২ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম আগের মতই রয়েছে। এখানে দেশী পেঁয়াজ ৪৬ থেকে ৪৮ ও ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে প্রয়োজনীয় সরবরাহ না পাওয়ার কারণে ১৫ দিনের মাথায় টিসিবি’র সুলভ মূল্যের পেঁয়াজ বিক্রিও বন্ধ হয়ে গেছে।
রাজশাহীতে গত ৫ অক্টোবর পেঁয়াজ, ছোলা ও মশুর ডাল বিক্রি শুরু হয়েছিল।
