১৭ ঘন্টা পর সাঙ্গু গ্যাস ক্ষেত্র পুনরায় চালু
কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ার ১৭ ঘন্টার পর শুক্রবার পুনরায় সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে হাইড্রোলিক লিকেজের কারণে সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় গ্যাসফিল্ডের প্লাটফর্মে হাইড্রোলিক লিকেজ মেরামতের পর সরবরাহ শুরু হয়।
বৃহস্পতিবার রাতে ত্রুটি মেরামতের জন্যে কেয়ার্ন এনার্জির কর্মকর্তারা গ্যাস ফিল্ডে পৌঁছালেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মেরামতের কাজ পরিচালনা করা সম্ভব হয় নি। চট্টগ্রাম বন্দরের টাগবোট কান্ডারি ১০ প্রস্তুত থাকলেও আবহাওয়া প্রতিকূলতায় চলাচল করতে পারে নি।
পেট্টোবাংলার কর্মকর্তারা নিজস্ব বোটে করে সকাল আটটার দিকে গ্যাস ফিল্ডে পৌঁছে ছোট আকারের ত্রুটি মেরামত করেন। কিন্তু কর্মকর্তারা বিস্তারিত কিছু জানান নি।
শুক্রবার গ্যাস সরবরাহ শুরু হওয়ায় বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলী সার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং চট্টগ্রামের বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রর উৎপাদন পুনরায় চালু করা হয়। সরকারি সূত্র জানায়, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডর (সিইউএফএল) এ্যামোনিয়া প্লান্ট এবং কাফকো’র উৎপাদন শুরু হলেও পুর্নদ্যমে চালু হয় নি। কাফকো কর্মকর্তারা আশা করছেন শনিবার সকালের মধ্যে ৭৫ ভাগ উৎপাদন শুরু হবে।
শুক্রবার দুৃপুর ২ টার দিকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার পর রাউজান বিদ্যুৎ কেন্দ্র ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। বিকালের দিকে ৭০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রও পুর্নদ্যমে চালু হয়।
পিডিবি কর্মকর্থারা দাবি করেন শুক্রবার বন্দর নগরীতে কোনও বিদ্যুৎ ঘাটতি ছিল না।
বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩০০ মিলিয়ন ঘন ফুট। এর মধ্যে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে সরবরাহ করা হয় প্রায় ১৭০ থেকে ১৮০ মিলিয়ন ঘন ফুট।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, সাঙ্গু গ্যাস ফিল্ডসহ দেশে প্রতিদিন প্রায় ১,৫০৫ মিলিয়ন ঘন ফুট গ্যাস উৎপাদিত হয়।
১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে কুতুবদিয়ার কাছে সাঙ্গু গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়।
