টেকসই জৈব ব্যবস্থাপনাই মাছের চাহিদা পূরণ করতে পারে
দেশের চাহিদা মেটাতে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে টেকসই জৈব ব্যবস্থাপনা অপরিহার্য। চাহিদার তুলনায় দেশে মাছের সংকট প্রায় আট লাখ মেট্রিক টন।
দেশের মানুষের বার্ষিক মাছের চাহিদা জনপ্রতি ১৮ কিলোগ্রাম। এই চাহিদা পূরণে অভ্যন্তরীণ উন্মুক্ত ও বদ্ধ জলাশয় এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলসহ দেশে মাছের মোট উৎপাদন প্রয়োজন বছরে ২ দশমিক ৯ মিলিয়ন টন। বর্তমানে জনপ্রতি ১৫ দশমিক ০৪ কিলোগ্রাম চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে।
কৃষি মন্ত্রণালয় ও ইউএসএইড’র যৌথ উদ্যোগে কৃষি ভিত্তিক শিল্প ও প্রযুক্তি উন্নয়ন প্রকল্পের অধীনে পরিচালিত বাংলাদেশের মৎস্য খাত উন্নয়ন শীর্ষক এক সমীক্ষায় এ তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার মৎস্য ভবনে আয়োজিত একটি কর্মশালায় একথা জানানো হয়।
মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অধ্যাপক ড. আমিনুল ইসলাম সমীক্ষায় প্রাপ্ত তথ্য উপস্থাপন করেন।
সমীক্ষায় বলা হয়, বর্তমান চাহিদা পূরণে আরও আট লাখ টন মাছ উৎপাদন করা দরকার। তাছাড়া, আন্তর্জাতিক বাজারে মাছ ও মৎস্যজাত পণ্যের চাহিদা তীব্রতর হওয়ার কারণে আগামী পাঁচ বছরে দেশে মাছের মোট চাহিদার পরিমাণ দাঁড়াবে প্রায় তিন মিলিয়ন টন।
সমীক্ষায় আরও বলা হয়, পুকুরে মাছ চাষের ক্ষেত্রে কিছু উন্নত ব্যবস্থাপনা চালুর মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।
