সাঙ্গু গ্যাস ক্ষেত্র বন্ধ: কাফকো, সিইউএফএল, ২ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ
কারিগরি ত্রুটির কারণে বৃহস্পতিবার বিকেলে আকস্মিকভাবে সাঙ্গু গ্যাস ক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামের দু’টি সার কারখানা ও দু’টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বন্ধ হয়ে যাওয়া এসব প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কর্ণফুলী সার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া সার লিমিটেড (সিইউএফএল) এবং শিকলবাহা ও রাউজান বিদ্যুৎ কেন্দ্র।
এছাড়াও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাউজান বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফূলী পেপার মিলের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিকেল ৪টা ১০ মিনিটে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। হাইড্রোলিক লিকেজের কারণে এটি হতে পারে বলে পেট্রোবাংলার একটি সূত্র জানায়।
সূত্র জানায়, বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় তাদের পক্ষে সাঙ্গু বন্ধ হয়ে যাওয়ার কারণ খতিয়ে দেখা সম্ভব হয়নি। সাগর শান্ত না হওয়া পর্যন্ত এটি খুঁজে বের করা সম্ভব হবে না বলে তারা জানান।
এদিকে লোডশেডিংয়ের কারণে চট্টগ্রামবাসী ইতোমধ্যেই চরম দুর্ভোগ পোহাচ্ছে। সাঙ্গু গ্যাস ফিল্ড বন্ধ হয়ে যাওয়ায় তাদের দুর্ভোগ আরও বাড়তে পারে। বৃহত্তর চট্টগ্রামে বৃহস্পতিবার রাতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংকট দেখা দেয়। চট্টগ্রামে প্রতিদিন বিদ্যুতের মোট চাহিদা ৫০০ মেগাওয়াট।
৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে রাউজান কেন্দ্রের উৎপাদন ৩৬০ মেগাওয়াট থেকে ১৬০ মেগাওয়াটে নেমে এসেছে।
সূত্র আরও জানায়, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদনও অর্ধেকে নেমে এসেছে।
বিদ্যুৎ উন্নয়ন বিভাগের একজন কর্মকর্তা জানান, জরুরী এ সংকট মোকাবেলায় ইতোমধ্যেই জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে প্রায় ১২০ থেকে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহের কারণে ঢাকা ও এর আশেপাশের এলাকায় সংকট দেখা দিতে পারে।
বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩০০ মিলিয়ন ঘন ফুট। এর মধ্যে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে সরবরাহ করা হতো প্রায় ১৭০ থেকে ১৮০ মিলিয়ন ঘন ফুট।
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, সাঙ্গু গ্যাস ফিল্ডসহ দেশে প্রতিদিন প্রায় ১,৫০৫ মিলিয়ন ঘন ফুট গ্যাস উৎপাদিত হয়।
