২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ায় ট্রানজিট ভিসা বন্ধ

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ শ্রমিকের সংখ্যা নিরুপণ করতে বাংলাদেশীদের জন্য ট্রানজিট ভিসা বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। এতে ঢাকা থেকে মালয়েশিয়াগামী ব্যবসায়ী ও ভ্রমণকারীরা অসুবিধায় পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

ফরিদ আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

অক্টোবরের ১১ তারিখে ইস্যু হওয়া মালয়েশিয়ার সরকারের এক আদেশে বাংলাদেশী পাসপোর্টধারীদের পাঁচদিনের জন্য ট্রানজিট ভিসা প্রদানের যে নিয়ম চালু ছিল, তা বন্ধ করে দেওয়া হয়।

অন্যান্য দেশের জন্য ভিসা প্রদানের নীতি অপরিবর্তিত থাকলেও বাংলাদেশের ক্ষেত্রেই এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতদিন বাংলাদেশের যেসব ব্যবসায়ী কুয়ালালামপুর হয়ে বিভিন্ন দেশে যাতায়াত করতেন, তারা কুয়ালালামপুরে দু-এক দিনের যাত্রা বিরতি করতেন। নতুন এ নিষেধাজ্ঞার ফলে এখন আর তা সম্ভব হবে না।

নতুন এ সিদ্ধান্তের ব্যাপারে ঢাকাস্থ মালয়েশীয় হাইকমিশনের অভিবাসন অ্যাটাচে থান সুক কিংয়ের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজকে বলেন, এটি দু’দেশের সরকারের ব্যাপার। যেহেতু এটি একটি সরকারি সিদ্ধান্ত, তা-ই এ সম্পর্কে আমি কিছু বলতে পারব না।

জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কিছু অসৎ জনশক্তি রফতানিকারক ও ট্রাভেল এজেন্ট মাঝেমধ্যে ট্রানজিট ভিসার সুযোগ অবৈধভাবে জনশক্তি রফতানির ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকে।

এ সিদ্ধান্তের ফলে কুয়ালালামপুর হয়ে নিয়মিত যাতায়াতকারীরা এখন থেকে এখানকার মালয়েশীয় হাইকমিশনের কাছ থেকে ভিসা গ্রহণে বাধ্য হবে।

এ সপ্তাহের শুরুতে বাংলাদেশ, সোমালিয়া, উজবেকিস্তান, নাইজার, ইরাক এবং নাইজেরিয়ার নাগরিকদের জন্য ভ্রমণ ভিসা বন্ধ করে দেয় দুবাই।

এ ছয়টি দেশের নাগরিকদের জন্য দুবাই ন্যাচারালাইজেশন অ্যান্ড রেসিডেন্সি ডিপার্টমেন্টের (ডিএনআরডি) মহাপরিচালক বা উপপরিচালকের অনুমোদন সাপেক্ষেই কেবর ফ্যামিলি ভিসা প্রদান করা হবে।

এদিকে মালয়েশীয় চাকুরিজীবীদের পক্ষ থেকে ক্রমাগত চাহিদা জানান দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে ইতিবাচক

চিন্তা-ভাবনা করছে মালয়েশীয় সরকার। বর্তমানে ম্যানুফেচারিং, সার্ভিস এবং টেক্সটাইল শিল্পখাতের চাকরিজীবিদের নেয়ার বিষয়টি সরকার খতিয়ে দেখছে।

গত ২০০০ সালে সামাজিক সমস্যাসহ বিভিন্ন সমস্যার কারণে পুলিশ বিভাগের সুপারিশক্রমে মালয়েশিয়া বাংলাদেশী শ্রমিক নিয়োগ বন্ধ করে দেয়।

মালয়েশিয়ার উপমন্ত্রী জানান, কঠোর পরিশ্রম ও মালয় ভাষা জানাসহ বিভিন্ন কারণে সেখানকার চাকুরেরা বাংলাদেশী শ্রমিক নিয়োগের ব্যাপারে প্রধান্য দেওয়ার পক্ষে।

কুয়ালালামপুরের একজন সরকারি কর্মকর্তা জানান, বর্তমানে মালয়েশিয়ায় ম্যানুফেকচারিং খাতে ৫১ হাজার বাংলাদেশী শ্রমিক কর্মরত।

এর আগে অবৈধ অভিবাসীদের জন্য ১৪ অক্টোবর ২০০৪ থেকে ৩১ জানুয়ারি ২০০৫ পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। পরবর্তীতে ‘অপারেশন নসিহত’ নামের এ ক্ষমার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়।

এ সময় প্রায় আট হাজার বাংলাদেশী শ্রমিক দেশে ফিরে আসার সুযোগ পায়। অন্যরা অনেকেই অর্থাভাবসহ বিভিন্ন কারণে ফিরে আসতে পারেনি। সাধারণ ক্ষমার মেয়াদ শেষে ‘অপস টেগাস’ নামে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু করা হয়। এতে কয়েক শ’ অভিবাসী ধরা পড়ে এবং তাদের অধিকাংশই ইন্দোনেশীয়।

মালয়েশিয়ার শিল্পখাতে বর্তমানে প্রায় তিন লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন রয়েছে। এই নিয়োগ না দেওয়ার কারণে প্রতিমাসে কয়েক শ’ মিলিয়ন মার্কিন ডলারের লোকসান গুণতে হচ্ছে।