ঈদ বোনাসের দাবিতে বিজিএমইএ’র সামনে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
ঈদের বোনাসের দাবিতে বুধবার হলিউড গার্মেন্টস ফ্যাক্টরির প্রায় ৭০০ শ্রমিক বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
গুলশান ২ নং সার্কেলে অবস্থিত হলিউড গার্মেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা, যাদের বেশির ভাগই নারী শ্রমিক, বিজিএমইএ সভাপতির কাছে একটি স্মারকলিপি পেশ করেন এবং তাকে তাদের বোনাস ও পাওনা প্রদানে উদ্যোগ গ্রহণের দাবি জানান।
বিক্ষুব্ধ শ্রমিকরা বিডিনিউজকে জানান, আনিসুল হক তাদের আশ্বস্ত করে বলেছেন তিনি ফ্যাক্টরির মালিক জিন্নাল আলীর সাথে কথা বলবেন।
শ্রমিকরা অভিযোগ করেন গত বছরও জিন্নাল আলী তাদের পূর্ণাঙ্গ বোনাস থেকে বঞ্চিত করেছেন।
কারখানার শ্রমিক বাবেয়া জানায়, গত বছর ঈদে অপারেটরদের ৫০০ এবং হেলপারদের ২০০ টাকা করে বোনাস দেওয়া হয়েছিলো। তিনি বলেন, “এবার আমরা পূর্ণাঙ্গ বোনাস পেতে চাই”।
