২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত কার্গো জাহাজ চলাচলে আশুগঞ্জ নদী বন্দর ব্যবহার করতে চায়

উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে আন্তদেশীয় কার্গো জাহাজ চলাচল বর্ধিত করতে ভারত বাংলাদেশের আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করতে চায় বলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বাংলাদেশ ভারত নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, টাটাসহ কিছু ভারতীয় কোম্পানি বন্দর ব্যবহারে তাদের অনুমতি প্রদানের জন্য বারবার অনুরোধ জানিয়ে আসছে। বন্দরের অবকাঠামো উন্নয়নের ব্যাপারেও তারা আগ্রহ দেখিয়ে আসছে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিএ’র প্রটোকল বিসনেস সেলের এক কর্মকর্তা জানান, কন্টেইনার উঠানামার জন্য নারায়ণগঞ্জ বন্দরের উন্নয়নের কারণে আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে সরকারের তেমন আগ্রহ নেই। গত মাসে পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ বন্দরে কলকাতা থেকে দুটি কন্টেইনার আসে এবং সফলভাবে মালামাল খালাস করে।

ওই কর্মকর্তারা আরও জানান, নারায়ণগঞ্জ বন্দরের উন্নয়ন হলে মালামাল পরিবহন খরচ এবং সময় দুটোই বাঁচবে।

সিমেন্ট ও সিমেন্টের কাঁচামাল আনা-নেওয়ার কারণে সেভেন সিস্টার বলে পরিচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে বাংলাদেশী কার্গো জাহাজে মালামাল বহনের ব্যবসা সম্প্রতি বেশ জোরদার হয়েছে বলে কর্মকর্তারা জানান।

প্রটোকল বিসনেস সেলের কর্মকর্তারা আরও জানান, জাহাজে করে ওই সাতটি রাজ্যে সিমেন্ট, কয়লা, বিটুমিন এবং পাট পরিবহন করা হয়।

তারা জানান, বাংলাদেশ ও ভারতীয় কার্গোর মাধ্যমে ২০০৪-০৫ অর্থবছরে মোট ৪ লাখ ১৩ হাজার ৮৩২ মে.টন মালামাল বহন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশী জাহাজে বহন করা হয়েছে মোট ৩ লাখ ৭৬ হাজার ৮৩৯ মে.টন।

ভারতীয় একজন ব্যবসায়ী ওই সাতটি রাজ্যে মালামাল পাঠাতে চাইলে ২ হাজার ৬০০ কিমি রাস্তা ঘুরে আসতে হয়। এক্ষেত্রে বাংলাদেশের বন্দর ব্যবহারের সুবিধা পেলে এ দূরত্ব অর্ধেকে নেমে আসে।

বর্তমানে বাংলাদেশের আংটিহারা ও রায়মঙ্গল নদীবন্দর দিয়ে পশ্চিমবঙ্গের কার্গোগুলো ওই সাতটি রাজ্যে মালামাল বহন করে।