বর্ধিত বাস ভাড়া ঈদে বাড়ি যেতে আগ্রহীদের হতাশ করছে
ঈদ উপলক্ষ্যে মানুষ বাড়ি ফেরার সময়ে বাস ভাড়া বৃদ্ধি ও বাসের টিকেট আগেই কালোবাজারীদের হাতে চলে যাওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।
সোমবার রাজধানীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল সায়েদাবাদ, গাবতলী ও মহাখালীতে সরেজমিনকালে দেখা গেছে, ঈদ উপলক্ষ্যে তেমন ভিড়ের মুখোমুখি এখনও বাস কোম্পানীগুলো হয়নি। কিন্তু বিভিন্ন রুটে অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে না।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা রোববার বলেছেন, ঈদ উপলক্ষ্যে বাড়ি ফেরা মানুষের ভ্রমন নিরাপদ ও আরামদায়ক করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু বাস্তবে টিকেট স্বল্পতার কারণে অনেকে গ্রামের বাড়িতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছে।
রায়েরবাজারের মুদি দোকানী মির্জা মিয়ার সঙ্গে কথা হয় গাবতলী টার্মিনালে। তিনি বিডিনিউজকে বলেন, ‘বর্ধিত বাস ভাড়ার পরিমান সহনীয় পর্যায়ে নেই। তিনি খুলনা যাওয়ার জন্যে ঈগল কাউন্টারে টিকিটে খুঁজছিলেন। এসময় আশেপাশে আরও কিছু ব্যক্তি দাঁড়ানো ছিল। তারাও মির্জা মিয়ার বক্তব্যের প্রতি সমর্থন করেন।
সোহাগ পরিবহণের কাউন্টারে বসা সৃব্রত বাবু জানান, গত রোববার বাস ভাড়া তার ক্ষমতার বাইরে চলে যাওয়ায় তিনি এক ব্যক্তিকে কাঁদতে দেখেছেন।
কর্তৃপক্ষ ভাড়া বাড়িয়ে ৫২ সিটের বাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ৮০ পয়সা এবং ৪০ সিটের বাসে কিলোমিটার প্রতি ৮৩ পয়সা করেছে। একজন পরিবহন শ্রমিক জানান, এ সিদ্ধান্ত কালোবাজারীদের উৎসাহিত করেছে। বড় ও বিখ্যাত কোম্পানীগুলো এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে।
সরজমিনকালে দেখা যায়, ঢাকা ডেন্টাল কলেজের দুইজন ছাত্র যশোরে যাওয়ার জন্যে কালোবাজারীদের কাছ থেকে টিকেট কিনেছেন। তাদের একজন রেবেকা জানান, আমরা আসার পর জানতে পারি, সোমবারের টিকেট বিক্রি হয়ে গেছে। এরপর একজন এসে দ্বিগুন দামে টিকেট কেনার প্রস্তাব দেয়। আমরা দরাদরি করে কিছুটা কম দামে কিনতে পেরেছি।
গত ১৫ অক্টোবর বাস ট্রাক ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে যৌথভাবে টিকেট বিক্রি মনিটরিং করার সিদ্ধান্ত হয়। গাবতলী টার্মিনালের সুপারিন্ডেন্টে নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত টিকেট বিক্রিতে কোন অনিয়ম দেখেনি।
সায়েদাবাদ বাস টার্মিনালের বাস মালিক আলী হাসান মত প্রকাশ করেন, অস্বাভাবিক বাস ভাড়া বহন করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। বিশ্বাস করুন আর নাই করুন, আমরা হ্রাসকৃত মূল্যে টিকেট বিক্রি করছি। সোহাগ পরিবহনের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ২৭ রমজানের পর টিকেটের ভয়াবহ সংকট দেখা দিতে পারে। ৩০ ও ৩১ অক্টোবরের কিছু টিকেট ওই সময়ে বিক্রির জন্যে রেখে দেওয়া হবে।
বিভিন্ন কোম্পানীর সাথে যোগাযোগ করে জানা যায়, ঈদে তারা অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করবেন না।
