সরকার দেড় লাখ মে.টন ইউরিয়া সার আমদানি অনুমোদন করেছে
দেশের চাহিদা মেটাতে সরকার রোববার প্রায় ৩৭৫ কোটি টাকা মুল্যের ১ দশমকি ৫ লাখ মে. টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্টিজ করপোরেশনের (বিসিআইসি) এক ঊর্দ্ধতন কর্মকর্তা বলেন, অনুমোদনের তারিখ হতে ৬০ দিনের মধ্যে চীন, সৌদি আরব, ইন্দোনেশিয়া এবং ইউক্রেন থেকে এই সার আমদানি করা হবে।
রোববার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ কমিটির এক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে মন্ত্রীপরিষদ বিভাগের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈঠকে ৮৪ কোটি টাকার বিনিময়ে হরিপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের এক. দুই ও তিন নম্বর ইউনিটের নবায়ন এবং আধুনিকায়নের জন্যে জাপানের মারুবেনী করপোরেশনের দরপত্র অনুমোদন করা হয়।
অন্যদিকে কৌশলগত পরিবহন ব্যবস্থাপনার (এসটিপি) লুইস বার্জার গ্রুপ ইনকরপোরেটেড অব ইউএসএ’র জন্যে বাংলাদেশ কনসালটেন্ট লিমিটেডের পরামর্শক সেবার অনুমোদন সংক্রান্ত প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে।
বিসিআইসি দুই লাখ মে.টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবের অনুমোদন চেয়ে পাঠায়। এর মধ্যে এক লাখ গ্র্যানুলার এবং একলাখ মে. টন প্রিল্ড ইউরিয়া সার।
কিন্তু সরকার ৫০ হাজার মে.টন প্রিল্ড সার আমদানি অনুমোদন করে।
বিসিআইসি কর্মকর্তাদের মতে, একটন গ্র্যানুলার সারের দাম পড়বে ২৯৩ মার্কিন ডলার এবং প্রতিটন প্রিল্ড সারের দাম পড়বে ২৪৫ মার্কিন ডলার।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, সরকার চলতি মজুদের কথা বিবেচনা করে দুই লাখ মে. টন চাহিদার বিপরীতে ১ দশমকি ৫ লাখ মে. টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, দেশে সারের কোনও ঘাটতি নেই।
তবে চাহিদা ও মজুদ নিয়ে বিসিআইসি কর্মকর্তা এবং অর্থমন্ত্রীর বিবৃতির মধ্যে মতপার্থক্য রয়েছে।
বিসিআইসি সূত্র জানায়, চলতি বছর তারা নয় লাখ মে.টন সার ক্রয়ের প্রস্তাব সরকারের কাছে পাঠায়। এর মধ্যে তিনলাখ মে. টন কাফকো থেকে সংগ্রহ করা হবে এবং বাকি ছয় লাখ মে. টন বিদেশ থেকে আমদানি করা হবে। একলাখ মে. টন সার আমদানি সংক্রান্ত অপর এক প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে বলে বিসিআইসির এক ঊর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজকে বলেন।
বিসিআইসি কর্মকর্তারা জানান, দেশের চাহিদা অনুযায়ী বছরে প্রায় চার লাখ মে. টন সার বাফার স্টক হিসেবে থাকা প্রয়োজন।
