২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো টেক্সটাইলের ‘ইয়েলো’ ফ্যাশন আউটলেট পাকিস্তানে যাত্রা শুরু করেছে

বেক্সিমকো টেক্সটাইলের ফ্যাশন হাউস ‘ইয়েলো’ পাকিস্তানে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) পাকিস্তান সিনেটের চেয়ারম্যান মোহাম্মদ মিঞা সমরো (Mohommad Mian Soomro) আনুষ্ঠানিক ভাবে করাচীতে আউটলেট-টি উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান এবং বেক্সিমকো টেক্সটাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বেক্সিমকো গ্রুপের পরিচালক সৈয়দ নাভিদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, এ ফ্যাশন হাউসে বেক্সিমকো টেক্সটাইলের উৎপাদিত পোশাক সামগ্রী ছাড়াও শাইনপুকুর সিরামিকস্ পণ্য এবং অন্যান্য ফ্যাশন এক্সেসরিস পাওযা যাবে। এই উদ্যোগের মাধ্যমে পাকিস্তানে বাংলাদেশের রপ্তানী উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বেক্সিমকো টেক্সটাইল ইতিমধ্যে ঢাকার গুলশান, ধানমন্ডি ও বসুন্ধরা সিটিতে ‘ইয়েলো’ আউটলেট চালু করেছে। কোম্পানিটি অচিরেই সিউল, দুবাই সহ বিশ্বের অন্যান্য শহরে ‘ইয়েলো’র শাখা সম্প্রসারণ করবে।

উদ্বোধনী ভাষণে মোহাম্মদ মিঞা সমরো পাকিস্তানে বেক্সিমকোর বানিজ্য সম্প্রসারণ প্রচেষ্টাকে স্বাগত জানান। বেক্সিমকো টেক্সটাইলের সৃষ্টিশীলতা ও বিশাল উৎপাদন কারখানার কথা উল্লেখ করে তিনি বলেন, কোম্পানিটির এই প্রচেষ্টা পাকিস্তানের ফ্যাশন শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তিনি বেক্সিমকোর পাকিস্তানে ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রান সামগ্রী প্রদানকে স্বাগত জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ, কুটনৈতিকবৃন্দ এবং করাচী চেম্বার ও পাকিস্তান বেডওয়ার সমিতির কর্তাব্যক্তিগণ এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ।