২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিভিইপি অ্যাসেম্বলি শুরু, দক্ষতার সাথে জ্বালানি ব্যবহারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস

বিশ্বের ১৬০ কোটি অতি দরিদ্র্য মানূষকে জ্বালানি সেবা দিয়ে অথনৈতিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করার মধ্যে দিয়ে বৃহস্পতিবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় গ্লোবল ভিলেজ এনার্জি পার্টনারশীপ (জিভিইপি)’র প্রথম অ্যাসেম্বলি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

মোল্লা আমজাদ হোসেন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 07:02 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

অ্যাসেম্বলির আলোচনায় দক্ষতার সাথে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেয়ার অশ্বাস দিয়েছেন অন্যান্য অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা।

অ্যাসেম্বলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশেটির খনি ও জ্বালানি উপমন্ত্রী নেলসন হাবনেস। অনুষ্ঠানে অন্যানের মধ্যে ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্বালানি মন্ত্রী, ক্যামেরুনের জ্বালানি বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা।

অ্যাসেম্বলির প্রথম দিনে বিভিন্ন অধিবেশনে আলোচনায় বক্তরা বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্যে সবার জন্যে জ্বালানি সার্ভিস দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আর এই কাজ এগিয়ে নেয়ার জন্যে কেবলমাত্র বিদ্যুৎ বা অন্য জ্বালানি পৌঁছে দিলে চলবে না। এই জ্বালানি দক্ষতার সাথে ব্যবহার করে কিভাবে দারিদ্র্য বিমোচন করা সম্ভব সেটা নিশ্চিত করতে হবে। বিশ্বের প্রতিটি দেশের উচিত দারিদ্র্য বিমোচনের জন্যে সরকারের সকল কর্মসূচিকে সমন্বিত করতে হবে।

বিগত দিনে জিভিইপি‘র অনেক সদস্য এই কাজে সাফল্য দেখিয়েছে। ২৬ টি দেশ সদস্য হলেও এই কর্মসূচির অংশীদারের সংখ্যা ৮০০। এর মধ্যে ৪০০ অংশীদার জ্বালানি খাতের সাথে সংশ্লিষ্ট।

উদ্বোধনীর পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিভিইপি‘র বোর্ড চেয়ারম্যান এবং নেদারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পল হ্যাসিং বলেন, বর্তমান বিশ্বে বিশেষ করে তৃতীয় বিশ্বের দরিদ্র্য মানুষ জ্বালানির অদক্ষ ব্যবহারের জন্যে অনেক বেশি ব্যয় করছে। বিশ্বের অনেক দেশ অনেক ধরনের বিকল্প জ্বালানির ব্যবহারে সফল হয়েছে। বাণিজ্যিক বিচারে এগুলো অনেক বিনিয়োগ সাশ্রয়ী। তিনি বিশ্বের সকল দেশ ও সংস্থাকে জিভিইপি’র সাফল্য অনুসরণ করার অনুরোধ জানান। বলেন, যে কেউ চাইলে এই পাটনারশীপে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করতে পারে।

সংবাদ সম্মেলনে ব্রাজিলীয় খনি ও জ্বালানি মন্ত্রী এবং দক্ষিণ আফ্রিকার জ্বালানি মন্ত্রী তাদের কাজের পদ্ধতি এবং বাস্তবায়ন কৌশল জানতে আগ্রহী হলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান। জিভিইপি‘র অংশীদার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, এবং ইউএসএআইডি এর পক্ষ থেকে বলা হয়, যে কোনো দেশ চাইলে বিশ্বের ভালো অর্জনগুলো ব্যবহার করতে পারে। আর এর জন্যে তারা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

দিনভর চলে বিভিন্ন অঞ্চলের দেশগুলোর গ্রুপ ভিত্তিক আলোচনা। এশিয়ার আলোচনায় অংশ নেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, লাউস, ফিলিপিনস, ইন্দোনেশিয়া ও শ্রীলংকা সরকারী বেসরকারি প্রতিনিধিরা। এতে বাংলাদেশ থেকে অংশ নেন, প্রাকটিক্যাল অ্যাকশন এর সত্য রজ্ঞন সাহা।

গ্রুপ আলোচনা শেষে বলা হয়, এশিয়া বিশেষ করে, নেপালে বায়োগ্যাস, শ্রীলংকায় এনার্জি মিক্স, ইন্দোনেশিয়ান সোলারে সাফল্য, লাউসের মিনি হাইড্রো ও ফিলিপিনসের কমিউনিটি নির্ভর জ্বালানি কর্মসূচি অন্য দেশের জন্যে অনুসরনীয় হতে পারে।

বাংলাদেশের প্রসঙ্গে আলোচনায় বলা হয়, দেশটিতে প্রাকৃতিক গ্যাস আছে। কিন্তু তাদের এনার্জি মিক্স একদম নেই। তাই সেখানে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। অন্যদেশগুলো এ ব্যাপারে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করে। বলা হয়, দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে জ্বালানি সার্ভিস পৌছে দেয়ার কর্মসূচির সাথে সমন্বয় করে কাজ করতে না পারলে কাংখিত সাফল্য আসবে না।