কম দামী চীনা সানগ্লাস দৃষ্টি শক্তির ক্ষতি করতে পারে
রাজধানীর ফুটপাতগুলোয় ব্যাপক হারে কমদামী সানগ্লাস বিক্রি করতে দেখা যায়, যা ব্যবহার করা হলে দৃষ্টিশক্তির মারাত্মক ক্ষতি হতে পারে।
কমদামী এসব সানগ্লাস ব্যবহার করলে চোখে দুটো করে দেখা, আবছা দেখা কিংবা মারাত্মক মাথাব্যাথা হতে পারে, বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাঃ শরিফ উদ্দিন আহমেদ।
তিনি বিডিনিউজকে বলেন, যারা এসব নিম্ন মানের সানগ্লাস চোখে দেন তাদের চোখে সুর্যের আলো যথাযথভাবে প্রতিফলিত হয় না। যার ফলে তাদের চোখের মনি ক্ষতিগ্রস্ত হয়।
সহরোয়ার্দী হাসপাতালের অপথালমোলোজি বিভাগের অধ্যাপক ডাঃ জামাল নিজাম উদ্দিন বলেন, এসব স্বল্প দামের চশমা ব্যাবহারের সরাসরি কিছু ক্ষতিকর প্রতিক্রিয়া রয়েছে।
কিন্তু তা সত্ত্বেও তরুণ ও যুবকদের মধ্যে ব্যাপকহারে এ ধরনের সস্তায় কেনা সানগ্লাস ব্যবহারের প্রবনতা দেখা যায়। পরিনতি না ভেবেই তারা এগুলো ব্যবহার করে চলেছে। তিনি বলেন, সচেতনতার অভাবেই এমনটা হচ্ছে।
মতিঝিলে এমনই একটি স্টল থেকে চশমা কিনছিলেন সোনালী ব্যাংকের একজন কর্মচারী শহীদ। তিনি বলেন, আমি আমার চশমার লেন্স এর এর পাওয়ার সম্পর্কে জানি, সুতরাং চশমা কিনতে আমার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই।
বিক্রেতাদের মধ্যে বিক্রয় ও মুনাফার চিন্তাই বেশি। দিলাল হোসেন নামে এক বিক্রেতা বললেন, ক্রেতারা আমার কাছে তাদের চোখের জন্য প্রয়োজনীয় পাওয়ারের কথা বলে লেন্স চায়, আমি সরবরাহ করি। তবে দিলাল জানান, তার দোকানে চশমার চেয়ে সানগ্লাসের চাহিদাই বেশি।
দিলাল জানান, চক বাজারের পাইকারি বাজার থেকে তিনি চশমাগুলো কিনে আনেন। চশমা ৮০ টাকা করে এবং সানগ্লাস ৬০-৮০ টাকা দরে বিক্রি হয়।
চকবাজারের একটি পাইকারি চশমা বিক্রয়ের দোকান এসবি অপটিকস এর সারোয়ার কামাল বলেন, ‘আমাদের বিক্রিত সানগ্লাস ব্যবহারকারীর চোখের ক্ষতি করতে পারে কি না তা আমার জানা নেই। সারোয়ার জানান, এ ধরনের চমশার বাজার ক্রমেই বাড়ছে। তার বক্তব্যে, বর্তমানে বছরে প্রায় ২০ লাখ চশমার চাহিদা রয়েছে।
বাংলাদেশ চশমা শিল্প ও বনিক সমিতির সভাপতি মঞ্জুরুল হক জানান, স্থানীয় বাজারে যেসব সানগ্লাস বিক্রি হয় তার প্রায় ৯৫ শতাংশ এবং চশমার প্রায় ৬০ শতাংশই আসে চীন থেকে।
তিনি আরও জানান, এসব চশমার অধিকাংশই দেশে প্রবেশ করে টেকনাফ-কক্সবাজার চ্যানেল দিয়ে অবৈধ পথে।
এর ফলে স্থানীয় বাজার এসব চশমায় সয়লাব হযে গেছে।
সারোয়ার কামাল বলেন, বাংলাদেশে এসব চোরাচালান কিছুটা মায়ানমারের পথ হয়েও আসে।
ব্যবসায়ীরা বলেন, চীনা চশমা বাজারে ছেয়ে যাওয়ায় তাইওয়ান ও জাপানের এবং ইউরোপীয় দেশ সমূহ এবং ভারত থেকেও যে কিছু চশমা আসতো তা বাজার হারাচ্ছে।
বর্তমানে দেশের তিনটি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে চশমার ফ্রেম তৈরি করছে। বছরে এ কোম্পানিগুলো ৪ লাখ ফ্রেম তৈরি করতে সক্ষম।
