২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন স্টক এক্সচেঞ্জে শুক্রবার থেকে বেক্সিমকো ফার্মার লেনদেন শুরু

লন্ডন স্টক এক্সচেঞ্জ (এলএসই) এর অলটারনেটিভ ইনভেষ্টমেন্ট মার্কেট (এআইএম) এ বেক্সিমকো ফার্মার গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস্ (জিডিআর) এর লেনদেন শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বাংলাদেশের ওষুধ শিল্পে শতকরা ১০ ভাগ ওষুধ সরবরাহের পাশাপাশি বিশ্বের ১৯ টি দেশে ওষুধ রপ্তানী করে আসছে এবং তিন বার রপ্তানী ট্রফি লাভ করে। এলএসই-তে বিপিএল-ই বাংলাদেশের একমাত্র কোম্পানী।

শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর শেয়ার লেনদেন শুরু হবে।

যুক্তরাজ্যের হাইজ অফ কমন্স এর ওয়ার্ক এ্যান্ড পেনশন বিভাগের মন্ত্রী স্টিফেন টিমস্ লেনদেন এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, পরিচালক ওসমান কায়সার চৌধুরী, বিপিএল-এর প্রধান নির্বাহী নাজমূল হাসান, পরিচালক (অর্থ) আলী নেওয়াজ, সিনিয়র ম্যানেজার মার্কেটিং রিজভি-উল কবির এবং দেশ বিদেশের বিশিষ্ট ব্যবসায়ী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শেয়ার লেনদেন প্রত্যক্ষ করবেন। বাংলাদেশের ২৩ জন সাংবাদিকও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

লন্ডনে জিডিআর অর্ন্তভূক্তির শেষ সময় ছিল গত ৬ অক্টোবর, ২০০৫। ইতিমধ্যে বিভিন্ন আর্ন্তজাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪২ কোটি টাকা উত্তোলনের বিপরীতে ২ কোটি জিডিআর ইস্যু করা হয়েছে। সংগৃহিত অর্থের দ্বারা প্রাথমিক পর্যায়ে একটি নতুন অত্যাধুনিক গবেষনা কেন্দ্র গড়ে তোলা হবে যেখানে গবেষনার মাধ্যমে ওষুধের নতুন নতুন জেনেরিক উদ্ভাবন করা হবে। এছাড়াও আরো কিছু নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগ করা হবে।

প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসাবে দেশের বাইরে কোন পুজিঁবাজারে অর্ন্তভূক্ত হওয়ার প্রাক্কালে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো র্ফামাসিউটিক্যালস এর অর্ন্তভূক্ত হওয়ার বিষয়টিকে ‘ঐতিহাসিক’ ঘটনা হিসাবে অভিহিত করে বলেন, এটি আর্ন্তজাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়তা করবে এবং বিদেশী বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। সম্ভবত বিশ্বের সব ইসলামী দেশের কোম্পানীগুলোর মধ্যে বিপিএলই প্রথম কোম্পানী যেটি এলএসইতে তালিকাভুক্ত হতে যাচ্ছে।

বিপিএল এর প্রধান নির্বাহী নাজমূল হাসান বলেন, ‘‘আমাদের লক্ষ্য উন্নত দেশগুলোতে ব্রান্ডের ওষুধ রপ্তানীর মাধ্যমে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করা।” উল্লেখ্য, গতবছর বেক্সিমকো ২৭৭ কোটি টাকার ওষুধ বিক্রি করে প্রায় ৩৩ কোটি টাকা লাভ করেছে। প্রতিষ্ঠানটি আরও নতুন কিছু ওষুধ উৎপাদন করতে ইতিমধ্যে তাদের ওষুধ শিল্পের গবেষণা ও উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরো বলেন বেক্সিমকো লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে উত্তোলিত টাকা রপ্তানিমুখী ওষুধ উৎপাদনে বিনিয়োগ করবে। এসব ওষুধ যেসব স্বল্পোন্নত দেশে প্যাটেন্ট এবং এন্টিসেপটিক উৎপাদনে এখনও আইনগত জটিলতা রয়েছে এবং যারা এইচআইভি’র হুমকিতে রয়েছে সেসব দেশে রপ্তানি করা হবে।

বিশ্ববাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোর প্যাটেন্ট পণ্য ও প্রক্রিয়ার বিষয়ে কঠিন নিয়মনীতি অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে।

তবে বিশ্ববাণিজ্য সংস্থার মেধাস্বত্ব অধিকার আইনের (ইনটেলেকচূয়্যাল প্রোপার্টি রাইট বা ট্রিপস্) আওতায় ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশসহ আরও ৪৯টি স্বল্পোন্নত দেশ ওষুধ উৎপাদন ও বিশ্ববাজারে তা রপ্তানির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।