২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্বংসের পথে টঙ্গীর কাচ শিল্প

দেশের এককালের লাভজনক দেশীয় কাচ শিল্প আজ ধ্বংসের পথে। বিদেশ থেকে ব্যাপকভাবে কাচের তৈরি পণ্য আমদানির ফলে টঙ্গীতে গড়ে ওঠা ছোট বড় প্রায় ১৫ টি কাচ শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 09:39 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ইতোমধ্যে গত এক বছরে ১৫ টি কারখানার মধ্যে ১৩ টি কারখানা বন্ধ হয়ে গেছে। বর্তমানে মাত্র দুইটি কারখানা কোনোমতে টিকে আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কারখানা বন্ধ হয়ে যাওয়ার পেছনে যেসব কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে-দেশে চাহিদা অনুযায়ী কাচের তৈরি বিভিন্ন পণ্যাদি উৎপাদিত হওয়ার পরও বৈধ ও অবৈধ পথে বিদেশ থেকে কাচ সামগ্রী আমদানি, গ্যাস সংকট, বারবার গ্যাসের মূল্য বৃদ্ধি, কর বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি সংযোজনের অভাব।

কাচ শিল্প কারখানা সূত্র জানায়, ১৯৯১ সাল থেকে মূলত টঙ্গীতে দেশীয় কাচ শিল্পের সংকট শুরু হয়। বর্তমানে গ্লাসকিট প্রস্তুতকারক কারখানাগুলো কোনোভাবে টিকে থাকলেও শিশি, বোতল, বৈয়াম, পানির জগ, গ্লাস, বাসনসহ গৃহস্থালীতে ব্যবহার্য পণ্যগুলোর অবস্থা অত্যন্ত নাজুক।

খোঁজ নিয়ে আরও জানা যায়, ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ব্যাপকভাবে কাচের তৈরি পণ্য অবাধে দেশে আসছে।

টঙ্গীর ন্যাশনাল গ্লাস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক মো. আবুল হোসেন বিডিনিউজকে জানান, ১৯৯১-১৯৯২ অর্থবছরে জাতীয় বাজেটে দেশীয় কাচ শিল্পে কর পাঁচ ভাগ থেকে বৃদ্ধি করে ১৫ ভাগ করা হয়েছে।

আর তখন থেকেই দেশীয় কাচ শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায়।

এছাড়া বিদেশ থেকে অবাধে কাচের পণ্য আমদানির ফলে দেশীয় কাচ শিল্প বাজার হারাতে শুরু করেছে।

তিনি আরও জানান, গ্যাসের দাম বারবার বৃদ্ধি পাচ্ছে অথচ উৎপাদিত পণ্যের দাম চাহিদার অভাবে কমে যাচ্ছে। ফলে লাভজনক এ শিল্পে লোকসান নেমে আসতে শুরু করেছে।

তিনি আরও জানান, গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১১ মাস টঙ্গীতে কাচ শিল্পের উৎপাদন বন্ধ ছিল।

বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে এ শিল্প মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।

দেশীয় কাচ শিল্পের অবস্থান ধরে রাখতে কর হ্রাস, পর্যাপ্ত গ্যাস সরবরাহ, বিদ্যুৎ ও আধুনিক প্রযুক্তি সংযোজনে সহজলভ্য ঋণ ও বাজারজাতকরণে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।