ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন: ভারত এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় আগ্রহী হলেও মায়ানমার-বাংলাদেশ-ভারত পাইপলাইন নির্মাণে বাংলাদেশের শর্ত পূরণে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি।
ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী মনি শংকর আয়ারের ঢাকা সফর শেষে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি নথি পাঠানো হলেও আজ পর্যন্ত এর চূড়ান্ত অনুমোদন মেলেনি। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্যে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
দিল্লির জ্বালানি খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন, এখন ঢাকার শর্ত আর তিনটি নয়। ত্রিদেশীয় পাইপলাইন নির্মাণে রাইট অব ওয়ে দেওয়ার বিনিময়ে ঢাকা কেবলমাত্র বাণিজ্য বৈষম্য কমিয়ে আনার শর্ত দিয়েছে।
কর্মকর্তারা আরও দাবি করেছেন, ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর ঢাকা সফরের সময় নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি এবং দেশ দু’টির সাথে পণ্য পরিবহন করিডোরের শর্ত বাদ দিয়ে কেবলমাত্র ভারতের বাজারে বাংলাদেশের কিছূ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাওয়া হয়েছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা বিডিনিউজকে বলেন, আমরা এখন পররাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিরোধিতার মুখে আছি। ভারত সরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় মাত্র চার ডলার রেটে ভারতের সীমান্তে ইরানের গ্যাস পাওয়ার স্বপ্নে বিভোর।
এ নিয়ে ভারতের কয়েকটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী ডিসেম্বরে ইরান-পাকিস্তান-ভারত পাইপলাইন নিয়ে একটি সমঝোতাস্মারক স্বাক্ষর হতে পারে।
অন্যদিকে বাংলাদেশের একটি মাত্র শর্তকে ভারত গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না।
জ্বালানি মন্ত্রণালয়ের ওই পদস্থ কর্মকর্তা বলেন, আসন্ন সার্ক সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী ড. মনোমহন সিং-এর ঢাকা সফরকালে বাংলাদেশের সাথে বিষয়টি নিয়ে গভীর কোনও আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।
অবশ্য দিল্লির সূত্রগুলো স্বীকার করেছে, মায়ানমারের সাথে গ্যাসের দাম নিয়ে তাদের এখনও কোনও সুরাহা হয়নি। মায়ানমার ভারতের জন্যে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ৪ দশমিক ২০ ডলার রফা করতে চাইলেও ভারত চাইছে এটিকে ৩ দশমিক ৮৫ ডলারে নামিয়ে আনতে।
কিন্তু মায়ানমারের পক্ষ থেকে ভারতের ওপর দ্রুত সিদ্ধান্ত নেয়ার চাপ আছে। এ বিষয়ে জানতে চাইলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, মায়ানমার ভারতের জন্যে অপেক্ষা করবে। কেননা এখন থাইল্যান্ডের নতুন করে গ্যাস দরকার নেই। ফলে ভারতই তাদের একমাত্র ক্রেতা।
কিন্তু মায়ানমার বলছে চীন তার সীমান্তে এই গ্যাস ছয় মার্কিন ডলারে কিনতে চায়।
অন্যদিকে দিল্লির জ্বালানি খাত বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ইরানের গ্যাস ভারতে তারা প্রতি হাজার ঘনফুট চার মার্কিন ডলারে কিনতে পারবে। কিন্তু বাংলাদেশের বিশেষজ্ঞরা মনে করেন, ইরানের গ্যাস ভারতের সীমান্তে এনে সাত ডলারের নিচে বিক্রি করার কোনও সুযোগ নেই।
উভয় দেশের বিশেষজ্ঞরা অবশ্য একটি বিষয়ে একমত, মায়ানমারের গ্যাস ভারতে গেলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গ। আর এ কারণে এই পাইপলাইন নির্মাণের প্রস্তাবদাতা কোম্পানি বাংলাদেশের মোহনা হোল্ডিংস লি. গ্যাস কেনার বিষয়ে কয়েক বছর আগেই ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন ও গেইল এর সাথে একটি সমঝোতাস্মারক স্বাক্ষর করেছে।
সকলেই মনে করছেন, কেবলমাত্র মনি শংকর আয়ারের আগ্রহকে ঘিরে ত্রিদেশীয় পাইপলাইন প্রকল্প বেশি দূর এগুবে না। ক্ষমতাসীন জোটের অংশীদার বাম দলগুলো বিষয়টিকে কীভাবে দেখছে, তার ওপরও অনেকটা নির্ভর করছে পাইপলাইনটির ভবিষ্যত।
