২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বঞ্চিত ক্রুদ্ধ গার্মেন্টস শ্রমিকদের কারখানায় হামলা, ২ কোটি টাকার মালামাল লুট

বেতন এবং অন্যান্য সূযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে সোমবার ক্ষুদ্ধ গার্মেন্টস কর্মীরা তাদের কারখানায় ব্যাপক লুটতরাজ চালিয়েছে। তারা এ সময় ওই প্রতিষ্ঠান থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের যন্ত্রপাতিসহ তৈরি পোষাক উপাদান লুট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

মীরপুর এক নম্বর সেকশনের বৈশাখি সুপার মার্কেটের রেডিয়েন্স অ্যাপারেলস গার্মেন্টসে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ কর্মীরা এ সময় ওই গার্মেন্টস কারখানায় ব্যাপক ভাংচুর করে। গার্মেন্টসটির প্রায় ৫০০ শ্রমিকের দুই মাসের ১৫ লাখ টাকা বেতন বাকি বলে শ্রমিকরা জানিয়েছে।

কোম্পানিটির মালিক পক্ষের একজন জানিয়েছে, গার্মেন্টসের প্রডাকশন ম্যানেজার রানার নেতৃত্বে বেলা দুইটায় তারা এ হামলা চালায়। পরে বিকাল ৫ টায় মীরপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেমকে বিডিনিউজকে বলেন, রানার নেতৃত্বে এই লুটতরাজ চলেছে।

তিনি বলেন, সোমবারই শ্রমিকদের বেতন দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বেতনের টাকা সংগ্রহে আমি অফিসের বাইরে ছিলাম। আমি বেতন বাবদ পুরো টাকাটাই যোগাড় করেছিলাম কিন্তু আমি অফিসে পৌছানোর পূর্বেই লুটতরাজের এ ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, ঘটনা সম্পর্কে মীরপুর থানা পুলিশ আগেই অবহিত ছিলো। তিনি বলেন, আমরা বারবার পুলিশকে ঘটনাস্থলে যাওয়ার অনুরোধ জানালেও পুলিশ তা করেনি বরং উল্টো আমাদের অফিস ম্যানেজার জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় জনগণ জানিয়েছে, পুলিশের সামনে এই লুটতরাজ এবং ভাংচুর চললেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। মীরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব অভিযোগ অস্বীকার করে বিডিনিউজকে বলেন, তারা ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার সাথে সাথেই সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আমরা কর্তৃপক্ষের কাছ থেকে কোন ফোন পাইনি বরং গার্মেন্টস শ্রমিকরাই বেতন না পেয়ে ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।