২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক ১৭ নভেম্বর ডিএসসি’র তৃতীয় কিস্তি অনুমোদন করবে

বিশ্বব্যাংক আগামী ১৭ নভম্বরে ডেভেলপমেন্ট সাপোর্ট ক্রেডিট (ডিএসসি)-এর তৃতীয় অংশ বাবদ বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা অনুমোদন করতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বিশ্বব্যাংকের স্থানীয় একজন কর্মকর্তা সোমবার বিডিনিউজকে বলেন, যদি সরকারের কোন সমস্যা না থাকে তাহলে ১৭ নভেম্বর তারা আলোচনায় বসবে।

বিশ্বব্যাংকের ওই কর্মকর্তা বলেন, বিশ্বব্যাংকের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সরকার অনেকগুলো শর্ত পূরণ করায় তারা এ অর্থ সাহায্য ছাড় দিতে রাজি হয়েছে।

বিশ্বব্যাংকের ওই কর্মকর্তা বলেন, সরকার গত কয়েক বছরে প্রশাসনে বেশ কিছু সংস্কার কাজ করেছে এবং একই সাথে রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করাসহ আর্থিক ব্যবস্থাপনা এবং জনখাতে খরচ সম্পর্কে বিশ্বব্যাংকের সুপারিশ মেনে চলায় তারা এ অর্থ প্রদান করবে। ওই কর্মকর্তা বলেন, সরকার দারিদ্র বিমোচনে রোববার পিআরএসপি অনুমোদন করেছে যা ২০১৫ সালের মধ্যে দেশ থেকে দারিদ্র অর্ধেকে নামিয়ে আনতে প্রধান ভূমিকা পালন করবে।

এর আগে অর্থমন্ত্রী সাইফুর রহমান বারবার অভিযোগ করেছেন যে, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতাসংস্থা যে পরিমান অর্থ সাহায্য দেয়ার কথা বলেছিল সে পরিমান তারা দিচ্ছে না। তবে যে কারণগুলোর জন্যে বাংলাদেশ সাহায্য পাচ্ছে না যেমন প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সুশাসনের অভাব, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদির কথাও স্বীকার করেন সাইফুর রহমান।

বিশ্বব্যাংকের একজন অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশ সুশাসন এবং দুর্নীতি দমনে সফলতা না পেলেও দারিদ্র নিরসন, শিশু মৃত্যুর হার হ্রাস, নারী পুরুষ সমতা, শিক্ষা ইত্যাদি ব্যাপারে বেশ সফলতা দেখিয়েছে।