লন্ডনের দোকানে দোকানে ‘মেড ইন বাংলাদেশ’
লন্ডনের বিভিন্ন সুপার স্টোর এবং খুচরা দোকানে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ লাগানো মানসম্মত জিন্স, টি শার্ট এবং সোয়েটারের কদর বাড়ছে। এছাড়া ইলিশ মাছসহ বাংলাদেশী বিভিন্ন পণ্যও নজর কাড়ছে প্রবাসী বাঙালিসহ স্থানীয়দের।
বাংলাদেশী তৈরী পোষাক ছাড়াও লন্ডনের অলিগলিতে রয়েছে বাংলাদেশী খাদ্য, সবজি এবং মাছসহ বিভিন্ন পণ্যের দোকান। এর মধ্যে ব্রিকলেন এবং পূর্ব লন্ডনের শহরগুলোতে বাংলাদেশী দোকানের সংখ্যা সবচেয়ে বেশি।
শুধু প্রবাসী বাঙ্গালিদের নয়, ব্রিটেনবাসীদেরও দৃষ্টি কাড়ছে এসব পণ্য। বাংলাদেশের এসব পণ্য বিদেশীদের কাছে সমাদৃত হবার প্রধান কারণ পণ্যের গুনগত মান। অবশ্য দামও বিবেচ্য বিষয়।
লন্ডনের বড় বড় দোকানগুলোর মালিকরা ক্রেতাদের চাহিদা মেটাতে সবসময়ই বাংলাদেশের পণ্য খোঁজে। খুচরা বিক্রেতারা জানান, বাংলাদেশী তৈরী পোষাকের চাহিদা বেশি।
লন্ডনের তেসকো নামের একটি খুচরা দোকানের মালিক ফরহাত আলম বলেন, সম্প্রতি চীনসহ বিভিন্ন দেশ থেকে লন্ডনে তৈরী পোষাক আসায় বাজার সম্প্রসারিত হচ্ছে, লন্ডনবাসীদের পোষাকের চাহিদারও পরিবর্তন হচ্ছে। এ কারণেই বাংলাদেশের তৈরী পোষাক এখানকার বাজার দখল করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
মার্কেট সূত্রে জানা গেছে, বাংলাদেশী পোষাকের দাম এখানে ৫ থেকে ৫০ স্টার্লিং এর মধ্যে।
লন্ডনের উপটন পার্কের পিকক নামে একটি চেইন মেগা শপ সবচেয়ে বেশি বাংলাদেশের তৈরী পোষাক ব্রিক্রি করে।
ব্রিটিশ স্টোরের এক বিপনন কর্মকর্তা বলেন, গত চার বছর ধরে আমরা নিয়মিত বাংলাদেশ থেকে আসা তেরী পোষাক বিক্রি করছি। আমাদের ক্রেতাদের বিশাল চাহিদা মেটাতেই হিমশিম খেতে হয়। বিশেষ করে বাংলাদেশের জিন্সের এখানে খুব চাহিদা।
বাংলাদেশী পণ্য কেন তারা পছন্দ করছে, এমন প্রশ্নের জবাবে ওই বিপনন কর্মকর্তা জানান, দামে সস্তা এবং মান ভালো হওয়ার কারণেই সবাই বাংলাদেশী পন্য কিনতে চায়।
জানা গেছে, লন্ডনসহ ইউরোপীয় দেশগুলোর খুচরা ব্যবসায়ীরা ক্রেতাদের চাহিদা মেটাতে বেশি করে বাংলাদেশী তৈরী পোষাকের অর্ডার দিচ্ছেন। ইউরোপের এইচএন্ডএম কিংবা জিএপি’র মতো নামীদামী স্টোরগুলোও এখন দখল করে নিচ্ছে বাংলাদেশী পোষাক।
পল ক্রিস নামে এক ব্রিটিশ আইনজীবি বলেন, জিএপি যেহেতু মানসম্মত পণ্যের নিশ্চয়তা দেয়। কাজেই তাদের বিক্রি করা বাংলাদেশী পণ্যগুলোও হবে মানসম্মত।
লন্ডনে প্রবাসীদের মধ্যে বাংলাদেশের সবজি এবং বেনসন এন্ড হেজেসের ব্যাপক চাহিদা রয়েছে। এখানে এক প্যাকেট বেনসন এন্ড হেজেসের দাম দুই দশমিক আট পাউন্ড। পূর্ব লন্ডনের এক দোকানী জানান, প্রবাসী বাঙালি বিশেষ করে প্রবাসী ছাত্রদের মাঝে বেনসন এন্ড হেজেসের চাহিদা ব্যাপক।
ব্রিকলেনে আলাউদ্দিন সুইটমিটস এবং ঢাকা বিরিয়ানির বেশ খ্যাতি রয়েছে। প্রবাসী বাঙালিরা নিয়মিতই এসব জায়গায় আত্মীয় স্বজন নিয়ে আসে।
ব্রিকলেনের মার্কেটগুলোতে ইলিশ মাছের চাহিদা হটকেকের মতো। ইলিশ আমদানিকারক কামাল বলেন, আমরা বড় সাইজের ইলিশের প্রতি পিস ৮-১০ পাউন্ড করে বিক্রি করি।
আইকন কলেজের খান মোহাম্মদ কামাল নামে এক বাঙালী ছাত্র জানান, গত দুই বছর ধরে আমি নিয়মিত ব্রিকলেন থেকে বাজার করি। কারণ এখানে দেশের সবকিছুই পাওয়া যায়।
