পিআরএসপি অনুমোদিত: দারিদ্র্য হ্রাসের লক্ষ্যমাত্রা বছরে ৩ দশমিক ৩ শতাংশ
২০১৫ সাল নাগাদ দেশের দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য স্থির করে সরকার রোববার দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) অনুমোদন করেছে। এ কৌশলপত্র অনুযায়ী, দ্রারিদ্রের হার বছরে ৩ দশমিক ৩ শতাংশ করে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা সাম্প্রতিক অর্জিত ১ দশমিক ৫ হারের তুলনায় দ্বিগুণ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) এক বৈঠকে এ কৌশলপত্রের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে অর্থ ও পরিকল্পা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আয় বৃদ্ধি করতে না পারলে পিআরএসপি’র লক্ষ্য অর্জন কঠিন হয়ে যাবে।
অর্থমন্ত্রী বলেন, জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে পিআরএসপি প্রণয়ন করা হয়েছে। তবে তা বাস্তবায়ন করতে হলে উন্নয়ন সহযোগী সংস্থা এবং দাতা দেশগুলোর সহয়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলসহ (আইএমএফ) দ্বিপাক্ষিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পিআরএসপি একটি অত্যাবশ্যক দলিল। ২০০৩ সালে এর খসড়া প্রস্তুতকরণ প্রক্রিয়া শুরু হয়।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, পিআরএসপি’র কার্যকর বাস্তবায়নের ওপরই আমাদের সফলতা নির্ভর করছে।
তিনি বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহের সাথে সামঞ্জস্য রেখে পিআরএসপিতে আটটি বিষয় চিহ্নিত করা হয়েছে। এ বিষয়গুলো বাস্তবায়ন করতে পারলে দারিদ্র্য দূরীকরণে আমরা আরও একধাপ এগিয়ে যাব।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, পিআরএসপি বাস্তবায়নের জন্যে পৃথক কোনও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে না। পিআরএসপির লক্ষ্যসমূহের সাথে সামঞ্জস্য রেখে বরাবারের মতোই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে প্রকল্প প্রণয়ন করা হবে।
তবে পিআরএসপি প্রণয়নকারী স্টিয়ারিং কমিটি এসব প্রকল্প বাস্তবায়নের কাজ তদারকি করবেন বলে তারা জানান।
সূত্র জানায়, সহস্রাব্দের উন্নয়ন লক্ষমাত্রায় যে আটটি বিষয়ের উল্লেখ আছে তার মধ্যে তিনটিতে অর্থায়নের ব্যাপারে পিআরএসপিতে উল্লেখ করা হয়েছে।
পাঁচটি উপাদান বাস্তবায়নের ব্যয় সম্পর্কে কার্যপত্রে কোনোকিছু উল্লেখ করা হয়নি। বাস্তবায়ন ব্যয় সম্পর্কে উন্নয়ন সহযোগীদের পরামর্শ করা হবে বলে একটি সূত্র জানিয়েছে।
‘সম্ভাবনার উন্মোচন: দারিদ্র্য বিমোচন প্রক্রিয়ায় গতি সঞ্চারের লক্ষ্যে জাতীয় কৌশল’ শীর্ষক পিআরএসপি কার্যপত্রটিকে আটটি অধ্যায় রয়েছে। প্রথম চার অধ্যায়ে ভূমিকা, জাতির দ্রারিদ্র্য অবস্থা, অংশগ্রহণমূলক পরামর্শ সভা এবং কৌশল প্রণয়ণে মূল বিবেচ্য বিষয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী চারটি অধ্যায়ে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো (এমটিএমএফ) এবং পিআরএসপি বাস্তবায়ন ও পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।
পিআরএসপি’র যথাযথ বাস্তবায়নে বিভিন্ন খাত ও বিষয়ের ওপর মোট ১৯ টি পলিসি ম্যাট্রিক্স প্রণয়ণ করা হয়েছে। পলিসি ম্যাট্রিক্সে কৌশলগত লক্ষ্য, প্রধান প্রধান লক্ষ্যমাত্রা এবং তিন বছর মেয়াদী নীতি কার্যক্রম সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেন, পিআরএসপিতে আটটি এজেন্ডা রয়েছে। এগুলো হচ্ছে, কর্মসংস্থান বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ, প্রাথমকি মাধ্যমিক ও বৃত্তিমূলক শিক্ষার মান-উন্নয়ন, স্থানীয় সুশাসন প্রতিষ্ঠা, মাতৃস্বাস্থ্যের উন্নতি, স্যানিটেশন ও নিরাপদ পানি নিশ্চিত করণ, অপরাধ দমন ও পরিবীক্ষণ ব্যবস্থা জোরদার।
তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের মাত্রা অর্ধেকে কমিয়ে আনতে আমাদের বছরে ৩ দশমিক ৩ শতাংশ হারে দারিদ্র্য হ্রাস সম্ভব করতে হবে। বর্তমানে দারিদ্র্য হ্রাসের বাৎসরিক হার ১ দশমিক ৫ শতাংশ।
পিআরএসপি’তে পরবর্তী তিনটি অর্থবছরে বাংসরিক প্রবৃদ্ধির (জিডিপি) হার যথাক্রমে ৬ দশমিক ৫ শতাংশ, ৬ দশমিক ৮ শতাংশ এবং ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
২০০৪-০৫ অর্থবছরে জিডিপি ৬ শতাংশ নির্ধারণ করা হলেও পরপর দু’বার বন্যার কারণে ৫ দশমিক ৫ শতাংশ লক্ষমাত্রা নামিয়ে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত ৫ দশমিক ৩৮ শতাংশ লক্ষমাত্রা অর্জিত হয়।
বর্তমান অর্থবছরে ৫ দশমিক ৪ শতাংশ অর্জন করাই যেখানে দুরূহ হবে সেখানে ২০০৬-০৭ অর্থবছরে জিডিপি ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা একটি অত্যন্ত উচ্চাভিলাসী পরিকল্পনা।
গত আগস্টে ৮ শতাংশ মুদ্রাস্ফীতি দেখা দেয়। জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে গত দু’ দশকের তুলনায় মুদ্রাস্ফীতির পরিমাণ দ্বিগুণ হয়ে যেতে পারে।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে ১৯ সদস্যের একটি জাতীয় স্টিয়ারিং কমিটি পিআরএসপি পর্যালোচনা করেন। পিআরএসপি’র চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হয় গত বছরের ডিসেম্বরে। ১৩ জানুয়ারিতে অবমোচন করা হয়।
