২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেডিট কার্ডে কেনাকাটা করতে গিয়ে অতিরিক্ত ব্যয় হচ্ছে

ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য কিনলে ক্রেতাদের কাছ থেকে পণ্যের নির্দিষ্ট মূল্যের চেয়ে দোকানদাররা অতিরিক্ত চার্জ আদায় করছে।

নিজস্ব প্রতিবেদক

আরাফাতুল ইসলাম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

অথচ ক্রেডিট কার্ডে পণ্য কিনলে অতিরিক্ত চার্জ নেওয়ার কোনো নিয়ম নেই বলে এই সেবা প্রদানকারী ব্যাংকগুলোর অভিমত।

অনুসন্ধানে জানা যায়, দেশের ইস্টার্ন প্লাজা, মেট্রো প্লাজা, বিসিএস কম্পিউটার সিটি, বসুন্ধরা সিটিসহ বেশ কিছু নামিদামি শপিং মলে ঘটছে এই ঘটনা। এসব শপিং মলের ইলেকট্রনিক্স এবং সোনার গহনার ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত চার্জ আদায় করছে।

ইলেকট্রনিক্স পদ্ধতিতে লেনদেন সুবিধাজনক ও নিরাপদ হওয়ায় দেশে মাস্টার কার্ড, ভিসা, ভিসা প্লাস, ভেনিক ইত্যাদি ধরনের ক্রেডিট/ডেবিট কার্ড দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ লেনদেন এবং পণ্য কেনাবেচা হচ্ছে এসব কার্ডে।

অতিরিক্ত অর্থ গ্রহণের বিষয়ে জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক ইস্টার্ন প্লাজার একজন মোবাইল ফোন ব্যবসায়ী বিডিনিউজকে জানান, ভিসা/মাস্টার কার্ডের মাধ্যমে কোনো পণ্য বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যাংক তাদের কাছ থেকে তিন শতাংশ অতিরিক্ত চার্জ নেয়।

তিনি বলেন, ‘এই চার্জ আমরা ক্রেডিট কার্ডে পণ্য ক্রয়কারী ক্রেতার কাছ থেকে নিয়ে নেই।’

বসুন্ধরা শপিং মলে মোবাইল কিনতে আসা ক্রেডিট কার্ড ব্যবহারকারী জনৈক মেহেদী হাসান বলেন, ব্যাংক থেকে যখন ক্রেডিট কার্ড নেই, তখন ব্যাংক কর্তৃপক্ষ এ ধরনের কোনো চার্জের কথা বলেনি। এখন কার্ড ব্যবহারকারীই পণ্য কিনতে গেলে এই সমস্যায় পড়ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ক্রেতারা ভিসা/ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য কিনলে মোট মূল্যের উপর তিন শতাংশ অতিরিক্ত হারে চার্জ দিতে হয় বলে একটি ১০ হাজার টাকা দামের পণ্যের মূল্য দাঁড়ায় ১০ হাজার ৩০০ টাকা।

অতিরিক্ত চার্জ গ্রহণ প্রসঙ্গে জানতে চাওয়া হলে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের হেড অব কার্ড আহসান আফজাল বিডিনিউজকে বলেন, পণ্যের ক্যাশ মূল্য এবং ক্রেডিট কার্ডে প্রদান করা মূল্য সবসময় এক হবে। কিন্তু কিছু কিছু দোকানদার অতিরিক্ত চার্জ গ্রহণ করে থাকে। তবে ব্যাংকের সাথে দোকানদারদের যে চুক্তি তাতে পণ্যের আসল মূল্যের অতিরিক্ত কোনো টাকা ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের কাছ থেকে নেওয়ার নিয়ম নেই।

তিনি বলেন, অতিরিক্ত চার্জ গ্রহণকারী দোকানদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।

তিনি আরো বলেন, আমরা মাঝে মাঝে আমাদের কার্ড ব্যবহারকারীদের বিষয়টি সম্পর্কে সতর্ক করে দেই।

এদিকে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড ইনচার্জ নজিবউদ্দিন ভূঁইয়া বিডিনিউজকে জানান, ক্রেডিট কার্ড ব্যবহারকারী ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত চার্জ গ্রহণের বিষয়টি সম্পর্কের তিনি আদৌ অবহিত নন।