২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলপি গ্যাসের মূল্য বৃদ্ধিতে খুলনাবাসী চরম বিপাকে

খুলনায় দফায় দফায় এলপি গ্যাসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে নগরবাসী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 12:21 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

স্থানীয়দের অভিযোগ, গত দেড় মাসে পাঁচ দফা এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। একই সাথে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, দু’ একটি প্রতিষ্ঠান ছাড়া ডিলার ও ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামত চড়া দামে গ্যাস বিক্রি করছেন। তারা প্রতি সিলিন্ডার গ্যাস ৬৬০ থেকে ৬৭০ টাকা দামে বিক্রি করছেন।

অথচ দুই তিনদিন আগেও প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ৬১০ থেকে ৬২০ টাকা।

অপরদিকে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা বিডিনিউজকে জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করার কারণে বেসরকারি কোম্পানিগুলো সিন্ডিকেট করে ইচ্ছামত দাম বাড়িয়ে দিয়েছে।

সূত্র জানায়, এলপি গ্যাস কোম্পানিগুলো গত ৮ অক্টোবর পুনরায় গ্যাসের দাম বৃদ্ধি করার ঘোষণা দেয়। এ ঘোষণা অনুযায়ী প্রতি সিলিন্ডার বসুন্ধরা গ্যাসের মূল্য ৬৩০ টাকা, ডিলারের ৬৪০ টাকা এবং খুচরা মূল্য ৬৫৫ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে প্রতি সিলিন্ডারে সাড়ে ১২ কেজি গ্যাস থাকার কথা থাকলেও এক ধরনের মেশিন দিয়ে গ্যাস বের করে ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্যাস ওজনে কম দেওয়ার ঘটনায় গত মাসে জেলা প্রশাসন নগরীর বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু কম ওজনের গ্যাস জব্দ করে এবং জরিমানা আদায় করে।