২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার জন্যে কাস্টমস হাউজ দায়ী : বন্দর কর্তৃপক্ষ

লাইটার ভেসেল (হালকা জলযান) শ্রমিক ও মালিক কর্তৃক আহুত অনির্দিষ্ট কালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টির জন্যে বন্দর কর্তৃপক্ষ কাস্টমস হাউজকে দায়ী করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

শনিবার বন্দর কর্তৃপক্ষের ইস্যুকৃত এক চিঠিতে জানা যায়, কাস্টমস কর্তৃপক্ষ এর আগের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন করলে এই পরিস্থিতির উদ্ভব হতো না।

চিঠিতে বলা হয়, পণ্য বোঝাই, খালাস ও ট্রান্সপোর্টেশন স্থগিতের জন্যে বন্দরের গড় অবস্থান সময় বৃদ্ধি পাওয়ার কারণে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

বন্দরে ২৪টি লাইটারিং কোস্টার থেকে গম খালাসের দাবিতে কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স, অভ্যন্তরীন ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চট্টগ্রাম এবং লাইটার ভেসেল কর্মীরা যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়। শনিবার ধর্মঘটের দ্বিতীয় দিনে বন্দরে পণ্য বোঝাই ও খালাস স্থগিত ছিল। কাষ্টমস, আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে মামলার কারণে গত আট মাস ধরে ২৪ টি জাহাজ থেকে গম খালাস করা যাচ্ছে না।

সারাদেশে ওই তিন সংগঠনের দুই হাজার লাইটার ভেসেল রয়েছে। শুধু চট্টগ্রামে তাদের লাইটার ভেসেলের সংখ্যা ৪০০ র বেশি।

শনিবার কাস্টমস কমিশনারের কাছে লিখিত চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) আহসানুুল কবির বলেন, চলতি বছরের আগস্টের ৩০ তারিখে বন্দর কর্তৃপক্ষ ইস্যুকৃত চিঠিরটির প্রতি যদি কাস্টমস সঙ্গতি পোষণ করতো, তবে আজকের এই পরিস্থিতি এড়ানো সম্ভব হতো।

চিঠিতে বলা হয়, সেপ্টেম্বরের ১৪ তারিখে সমস্যা নিরসনে নৌ মন্ত্রণালয় ভেসেল মালিক সমিতি, বন্দর কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট, শ্রমিক ফেডারেশন এবং কাস্টমস হাউজকে নিয়ে এক বৈঠকের আয়োজন করে। বৈঠকে বেশ কিছু সুপারিশও করা হয়।

ওই বৈঠকে অচলাবস্থার জন্য আমদানিকারকদের দায়ী করে তাদের বিরুদ্ধে মামলা করতে এবং আইনী জটিলতা প্রত্যাহারের জন্যে এটর্নি জেনারেলের মাধ্যমে আদালতের স্থগিতাদেশ পর্যালোচনা করে দেখার জন্য পদক্ষেপ গ্রহণে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আহ্বান জানানো হয়।

কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (সিওএবি) সভাপতি তাজুল ইসলাম শনিবার বিডিনিউজকে বলেন, কাস্টমস হাউজ এ ব্যাপারে পুরোপুরি নিষ্ক্রিয় থাকে।

তিনি আরও বলেন, নৌ ও পরিবহন মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষ রাজস্ব বোর্ডের কাছে যথাযথ শুল্ক নেয়ার মাধ্যমে ওই গম খালাসের আহ্বান জানালেও কাস্টমস তা করে নি।

তাজুল বলেন, লাইটার ভেসেলগুলো থেকে পণ্য খালাস করা হলেই শুধু ধর্মঘট প্রত্যাহার করা হবে।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী বলেন, গমগুলো খাওয়ার অনুপযোগী হওয়ায় কাস্টমস ২৪ টি লাইটার ভেসেল থেকে পন্য খালাস করে নি।

এর আগে ৩০ টি লাইটার ভেসেলে ২৬ হাজার ৫’শ মে. টন গম নিয়ে এমভি ক্যালটিক ফেব্রুয়ারির ২৭ তারিখে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। কিন্তু এর মধ্যে মাত্র ছয়টি ভেসেল থেকে পণ্য খালাস করা হয়।