বিমসটেক বাণিজ্য নিষ্পত্তি কমিটির বৈঠক সমাপ্ত
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পণ্য নিয়ে বাণিজ্য চুক্তি নিষ্পত্তির আশাবাদ ব্যক্ত করে বিমসটেকের বাণিজ্য নিষ্পত্তি কমিটির (টিএনসি) অষ্টম বৈঠক শনিবার শেষ হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
গত সোমবার ঢাকায় নেগেটিভ লিস্ট, রুলস অব অরিজিন এবং সদস্য দেশসমূহের মধ্যে বিভিন্ন বিষয়ে আপত্তি সমূহের নিষ্পত্তির (ডিসপিউট সেটেলমেন্ট) উদ্দেশ্যে বিমসটেকের বাণিজ্য নিষ্পত্তি কমিটির (টিএনসি) অষ্টম বৈঠক শুরু হয়।
বিডিনিউজজের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সমঝোতা দলের এক কর্মকর্তা বলেন, আলোচনাকালে বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি সম্পন্ন হয়েছে। ঢাকা বৈঠকের পর আমাদের নিজেদের মধ্যকার দূরত্ব আগের চেয়ে অনেক কমে এসেছে।
থাইল্যান্ড প্রস্তাবিত সাধারণ নেগেটিভ লিস্ট তৈরির ব্যাপারে সদস্য দেশগুলো সম্মত হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা অনেক দূর গড়ালেও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ থাইল্যান্ডের প্রস্তাবে সম্মত হবে না।
সূত্র জানায়, সপ্তম বৈঠকে থাইল্যান্ডের প্রস্তাব অনুসারে কোনও সদস্য দেশ তার প্রস্তাবিত নেগেটিভ লিস্টে বর্ণিত একই পণ্যের বিপরীতে কোনও ধরণের শুল্ক মওকুফ সুবিধা চাইতে পারবে না।
রুলস অব অরিজিনের ব্যাপারে তিনি বলেন, বৈঠকে রুলস অব অরিজিন নির্ধারণ নীতিমালার খুটিনাটি নিয়েও আলোচনা হয়েছে এবং কয়েকটি বিষয়ের নিষ্পত্তি করা হয়েছে। তবে থাইল্যান্ড প্রস্তাবিত সিটিএইচ প্ল¬াস ৩০ শতাংশ মুল্য সংযোজনের ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস অর্জন করেছি
তিনি আরও বলেন, বৈঠকে স্বল্প উন্নত সদস্য দেশগুলোর ক্ষেত্রে স্পেশাল ও ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট নিয়েও আলোচনা হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিমালা অনুসরণে এই বিষয়গুলো নির্ধারিত হবে।
সাত সদস্যবিশিষ্ট বিমসটেকের মোট ৫৪ সদস্যের সরকারি বাণিজ্য বিশেষজ্ঞ বৈঠকে অংশগ্রহণ করেন।
২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে ফ্রেমওয়ার্ক চুক্তির পর থেকে প্রায় প্রতি মাসেই টিএনসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সেপ্টেম্বরের ১২ থেকে ১৬ তারিখে থাইল্যান্ডে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিসমটেক’র বাণিজ্য নিষ্পত্তি কমিটির পরবর্তী বৈঠক দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে নভেম্বরে ভারতে ও ডিসেম্বরে নেপালে।
এর আগে ২০০৬ সালের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের লক্ষ্যে গত বছরের ফেব্রুয়ারি মাসে ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলংকা, থাউল্যান্ড এবং ভুটান বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কোঅপারেশন (বিমসটেক)’র একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সাক্ষর করে।
