২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের কেনাকাটা শুরু, মার্কেটগুলোতে আকর্ষণীয় অফার

ঈদ ঘনিয়ে আসায় ক্রেতা সমাগম বাড়াতে ডিসকাউন্ট ও র‌্যাফেল ড্র’সহ নানা ধরনের আকর্ষণীয় পুরস্কারের অফার দিচ্ছে নগরীর শপিং মল ও মার্কেটগুলো।

নিজস্ব প্রতিবেদক

সোহেল পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বারিধারা ও উত্তরাসহ ঢাকার বেশিরভাগ শপিং মল ও মার্কেটগুলোতে র‌্যাফেল ড্র’র পুরস্কার হিসেবে গাড়ি ও স্বর্ণালংকার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

তবে ক্রেতাদের মতে, ডিসকাউন্টের অফার র‌্যাফেল ড্র’র পুরস্কারের মতো ততটা আকর্ষণীয় নয়। তারা বলছেন, পশ্চিমা দেশগুলোতে উৎসবের সময় ৫০ শতাংশের মতো ডিসকাউন্ট দেওয়া হয়। সে হিসেবে আমাদের দেশে এ ধরনের অফার খুব কমই দেওয়া হয়।

বসুন্ধরা গার্ডেন সিটিতে কেনাকাটা করতে আসা মাহমুদ বলেন, এ ধরনের উৎসবের সময় আরও বেশি ডিসকাউন্ট দেওয়া উচিত।

ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি লিমিটেডের কর্মকর্তা মাহমুদ আরও বলেন, বাইরের দেশগুলোতে বড়দিন উৎসব উপলক্ষে ৪০ থেকে ৫০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হয়।

ঈদ সামনে রেখে ক্রেতা আকৃষ্ট করতে নগরীর বসুন্ধরা গার্ডেন সিটি, কর্ণফূলী গার্ডেন সিটি, টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্স, প্লাজা এআরসহ অন্যান্য শপিং মল ও মাকের্টগুলোতে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

১০ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বসুন্ধরা গার্ডেন সিটি থেকে ন্যূনতম ২০০ টাকার পণ্য কিনলেই ক্রেতা পাচ্ছেন একটি কুপন। মোট ২৪০টি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে এসব কুপনে। এর মধ্যে রয়েছে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের একটি প্লট, তিনটি গাড়ি, চারটি মোটর সাইকেল, আরও অনেক পুরস্কার।

কর্ণফূলী গার্ডেন সিটি থেকে ন্যূনতম ৩০০ টাকার পণ্য কিনে যে কেউ র‌্যাফেল ড্রতে অংশ নিতে পারছেন। র‌্যাফেল ড্র’র পুরস্কার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার।

ঈদের ক্রেতাদের জন্যে পুরস্কার হিসেবে গাড়ির ঘোষণা দিয়েছে টুইন টাওয়ার কনকর্ড শপিং কমপ্লেক্স ও প্লাজা এআর। প্লাজা এআর থেকে ৫০০ টাকা বা তার বেশি টাকার পণ্য কিনে র‌্যাফেল ড্রতে অংশ নিতে পারছেন যে কেউ। এতে গাড়িসহ ৮১০টি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

গতবারের মতো এবারও ইস্টার্ন প্লাজা, মৌচাক মার্কেট ও সেঞ্চুরি আর্কেটের মতো শপিং কমপ্লেক্সগুলোতে ক্রেতাদের জন্যে বিভিন্ন পুরস্কারের অফার রয়েছে।

এদিকে ওয়ান স্টপ শপিং মল মীনা বাজারও বেশ কিছু পণ্যের উপর ২০ শতাংশ ছাড় দিয়েছে।

তবে অনেকেই এসব র‌্যাফেল ড্র বা ডিসকাউন্টের চিন্তা না করেই ঈদের কেনাকাটা সারছেন।

ঢাকা মহানগরীতে ছোট, মাঝারি ও বৃহৎ আকারের প্রায় ৩৫০টি শপিং মল রয়েছে।