২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের আমলে অনেক কোম্পানির শেয়ার ছাড়া হলেও ভাল মানের শেয়ারের সংকট রয়েছে

গত চার বছরে বেশিরভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অনেক কোম্পানির শেয়ার ছাড়া হলেও দেশের পুঁজি বাজারে ভাল মানের শেয়ারের সংকট রয়েছে। শেয়ার বাজার উন্নয়নে অঙ্গীকার থাকা সত্ত্বেও ভালমানের শেয়ার ছাড়ার ব্যাপারে সরকারের কার্যকর ভূমিকা নেই।

নিজস্ব প্রতিবেদক

সোহেল পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

জোট সরকারের চার বছর পূর্তিতে শেয়ার বাজারের অবস্থা সম্পর্কে বাজার বিশ্লেষকরা ও ডিলাররা এ মন্তব্য করেন।

তবে তারা বলেন, কাগজভিত্তিক শেয়ার ক্রয় বিক্রয় পদ্ধতির পরিবর্তে ডিমেট পদ্ধতিসহ সয়ংক্রিয় সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম (সিডিএস) মাধ্যমে শেয়ার লেনদেন পদ্ধতি কার্যকর করায় পুজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।

যদিও আর্থিক তথ্যপ্রকাশ, শেয়ার হোল্ডারদের মিটিং ও লভ্যাংশ ঘোষণাসহ করপোরেট গর্ভনেস নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেন তারা।

একই সঙ্গে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ন্ত্রণ বহুজার্তিক প্রতিষ্ঠানের শেয়ার, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের ভালমানের শেয়ার সরকার পুঁজি বাজারে ছাড়তে ব্যর্থ হয়েছে, যদিও সরকারের কাগজপত্রে এই অঙ্গীকার বাস্তবায়িত হচ্ছে।

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম অঙ্গীকার ছিল ব্যাংকের সঞ্চয়সহ বিভিন্ন সঞ্চয়পত্রের সুদের হার হ্রাস করার মাধ্যমে শেয়ার বাজারে পুঁজি সরবরাহ ব্যবস্থা করা হবে। প্রকৃতপক্ষে সম্প্রতি ব্যাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সুদের হার বৃদ্ধি পাওয়ায় পুঁজি বাজার পরিচালনাকারীদের ওপর চাপ বেড়েছে।

ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পূঁজির সর্বনিম্ন পরিমান ও পুঁজি বাজার থেকে অর্থ সংগ্রহের সময় নির্ধারণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তার বিধি অনুসারে সকল আর্থিক প্রতিষ্ঠানকে পুঁজি বাজারের তালিকাভুক্ত করতে বাধ্য করেছে। ফলে বেশিরভাগ ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে পুঁজি বাজারের তালিকাভুক্ত হয়েছে। গত চার বছরে আইপিওতে আসা বেশিরভাগ কোম্পানিই তাই ব্যাংক ও ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।

মোনা ফাইনান্সিয়াল কন্সালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ ব্যাবস্থাপনা পরিচালক আহসানুল ইসলাম বিডিনিউজকে জানান, দেশের বড় ও মানসম্পন্ন কোম্পানির মধ্যে একমাত্র লার্ফাজ সুরমা সিমেন্ট লি. পুঁজি বাজারের তালিকাভূক্ত কোম্পানি।

তিনি জানান, সরকারের অঙ্গীকারের পর ভাল মানসম্পন্ন শেয়ারের ব্যাপক অভাব রয়েছে।

গত চারবছরে ম্ােট ৫১টি কোম্পানি পুজি বাজারে শেয়ার ছাড়া হলে তার মধ্যে ২২টি হলো ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, তিনটি মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য কোম্পানিগুলো ছোট মানের প্রতিষ্ঠান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রেসিডেন্ট শাইখ খান বলেন, আমি জানি না কেন ব্যাংক সঞ্চয়ের সুদের হার বাড়ানো হয়েছে। তিনি বলেন, গত কয়েক বছরের ব্যাংকের সঞ্চয়ের সুদের হার কমার কারনে বড় পরিমানের অর্থ পূঁজি বাজারে সরবরাহ ঘটেছে। অথচ বর্তমান সুদের হার বৃদ্ধির কারণে নগদ অর্থ সরবরাহ হ্রাস ঘটছে।

অন্যদিকে ডিএসই’র সাবেক সভাপতি ইমতিয়াজ হোসেন বাজারের ওপর সরকারের হস্তক্ষেপ না করায় সরকারকে সাধুবাদ জানিয়ে বলেন, সামষ্টিক অর্থনীতির ইতিবাচক প্রভার পূঁজি বাজারে পড়েছে।

সিএমএসএল সিকিউরিটিজ এর আল মারুফ খান বলেন, টেলিকমিউনিকেশন ও গ্যাস খাতে কোম্পানিগুলোকে পুঁজি বাজারে তালিকাভুক্ত হতে বাধ্য করা উচিত।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলাম বলেন, পূঁজি বাজারের সাধারণ মূল্য সূচক এবং পুঁজি মূলধন যোগানের পরিমানই নির্দেশ করতে পারে শেয়ার বাজারের অবস্থা।

গত চার বছরের মধ্যে মূলধন যোগানের পরিমান ২১ দশমিক ৬৮ শতাংশ এবং সূচক ১৩৭ দশমিক ২৮ শতাংশ।