বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপিত হবে ১৫ অক্টোবর
১৫ অক্টোবর বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপিত হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয়, রাজনীতিকদের জবাবদিহিতা গ্রামীণ নারীর অধিকার ত্বরান্বিত করবে।
বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটি বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এসময় বক্তব্য রাখেন জাতীয় কমিটির সদস্য সচিব আহমেদ স্বপন মাহমুদ, বেসরকারি সংস্থা প্রদীপের নির্বাহী পরিচালক শাহাদাত চৌধুরী, জীবীকার শামীমা ডেইজি, অনন্যার ডুনাই প্রু নেলী এবং রফিকুল ইসলাম খোকন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর দিবসটি উদযাপন উপলক্ষে গ্রামীণ নারীর উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন এবং গ্রামীণ জনজীবনে অবদার রাখার জন্যে গ্রামীণ নারীদের সম্মাননা জানানো হবে।
এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে, ১৫ অক্টোবর দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, আলোচনা সভা ও র্যালী।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপনের মূল উদ্দেশ্য, বাংলাদেশের গ্রামীণ নারীর বাস্তবতা তুলে ধরে তাদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদাকে সুসংহত করা, তাদের অধিকার বাস্তবায়ন এবং ক্ষমতায়নের জন্যে কাজ করা।
দেশের সকল জেলায় দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। জেলা কমিটির পক্ষ থেকে র্যালি, প্রামীণ নারী সমাবেশ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, পথনাটক এবং ভিডিওচিত্র প্রর্দশনীর আয়োজন করা হবে।
এছাড়া দেশের বিভিন্ন নারী সংগঠন এবং বেসরকারি সংস্থাও দিবসটি উদযাপন করবে।
১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত জাতিসংঘের ৪র্থ নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে গ্রামীণ নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব করা হয়। ১৯৯৭ সাল থেকে ওয়ার্ল্ড ইউমেন সামিট ফাউন্ডেশন দিবসটি পালনের জন্যে সকলকে উদ্বুদ্ধ করতে শুরু করে। সেই থেকে বিশ্বের ১০০টি দেশ দিবসটি নিয়মিত পালিত হয়ে আসছে। জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনও দিবসটি পালন করে থাকে। দেশে ২০০০ সালে প্রথম দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়।
