২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপসাগরীয় অঞ্চলের রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশী ব্যাংকারদের উদ্যোগ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমেই কমে আসায় বাংলাদেশী ব্যাঙ্কাররা সংযুক্ত আরব আমিরাত ও উপসাগরীয় অন্যান্য অঞ্চল থেকে আরো বেশী রেমিটেন্স পাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন।

নিজস্ব প্রতিবেদক

সাইফুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 06:01 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বাংলাদেশের ব্যাংকিং খাতে নবাগত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্যে উপসাগরীয় দেশগুলোতে প্রতিনিধি নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে। প্রবাসী বাংলাদেশীদের পাঠানো ৬৫ শতাংশ রেমিটেন্স আসে হাওলাসহ বিভিন্ন বেসরকারি পথে, ফলে দেশ অতি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে ৭০ শতাংশ রেমিটেন্স আসে বেসরকারি পথে। এই হার কমিয়ে আনতে আমরা প্রবাসী বাংলাদেশীদের উদ্বুদ্ধ করতে চাচ্ছি। যাতে তারা সরকারি মাধ্যমে দেশে রেমিন্টেস পাঠায়।

তিনি বলেন, দেশের আমদানি খরচ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। ফলে চলতি বছর সরকারকে বেশ কয়েক বার টাকার অবমুল্যায়ন করতে হয়েছে।

তিনি আরও বলেন, রপ্তানি বৃদ্ধি না পেলে বৈদেশিক মুদ্রার রেমিটেন্সের ওপর নির্ভরতা আরও বাড়বে। আর এ লক্ষ্যে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে আমরা আইনগত সহায়তা দিতে চাই।

আরব আমিরাতের বৃহত্তম বৈদেশিক মুদ্রা বিনিময় কোম্পানি দ্য ওয়াল স্ট্রিড এক্সচেঞ্জ সেন্টার ইতোমধ্যেই বাংলাদেশের প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ব্রাক ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে সে দেশে বৈঠক করেছে যাতে করে ওই কোম্পানির মাধ্যমে ঢাকায় রেমিটেন্স পাঠানো সহজ হয়।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া বলেন, অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিপজ্জনক দিক হচ্ছে, এর ফলে টাকা হারিয়ে যাওয়ার কিংবা প্রতারিত হওয়ার সুযোগ বেশি থাকে।

সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে বৈদেশিক রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম উৎস। প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব। এছাড়া বৈশ্বিক পর্যায়ে রেমিটেন্স পাঠানোয় প্রথম রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসি বাংলাদেশীরা। পরের অবস্থানে রয়েছে যথাক্রমে সৌদি আরব ও আরব আমিরাত।