যমুনা ব্যাংক পুঁজিবাজারে ৫০ কোটি টাকার প্রাথমিক শেয়ার ছাড়ছে
যমুনা ব্যাংক লি. অচিরেই পুঁজিবাজারে ৫০ কোটি টাকার প্রাথমিক শেয়ার ছাড়ছে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সূত্রে এ কথা জানা গেছে।
ব্যাংক ২০ ভাগ প্রিমিয়ামসহ প্রতিটি ১২০ টাকা করে ৪২ লাখ ৯০ হাজার শেয়ার ছাড়বে। যমুনা ব্যাংকের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, প্রায় ১ মাস আগে তারা এসইসি’র অনুমোদনের জন্যে আবেদন করেন।
এসইসির চেয়ারম্যান মীর্জা আজিজুল হক জানান, জমা দেওয়া কাগজপত্রের ভিত্তিতে তারা এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন। তিনি আরও জানান, ব্যাংকের পক্ষ থেকে দেওয়া আগের আবেদনপত্রে কিছু দলিলের অভাব ছিল। ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যেই সেসব জমা দিয়েছেন।
বর্তমানে যমুনা ব্যাংকের পরিশোধিত পুঁজির পরিমাণ ৪২ কোটি ৯০ লাখ টাকা।
