২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কোম্পানি ‘এ্যারোমেটিক’ সাবানের ব্র্যান্ড কিনে নিয়েছে

মুম্বাইভিত্তিক ভারতীয় কোম্পানি মারিকো লি. বাংলাদেশের এ্যারোমেটিক কসমেটিক্স লি.’র (এসিএল) ‘এ্যারোমেটিক’ সাবানের ব্র্যান্ড কিনে নিয়েছে। কোম্পানির একটি সূত্র এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

মারিকো বাংলাদেশ লিমিটেড (এমবিএল) মুম্বাইভিত্তিক মারিকো লিমিটেডের একটি সম্পূর্ণ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। চলতি সপ্তাহের প্রথম দিকে এ ব্যাপারে এসিএল কোম্পানির সঙ্গে তাদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এসিএল সূত্র বিডিনিউজকে জানায়, এসিএল-এর কাছ থেকে এমবিএল বেশ কিছু যন্ত্রপাতিও কিনেছে।

তবে এসিএল স্বাক্ষরিত চুক্তির আর্থিক পরিমাণের কথা প্রকাশ করেনি।

সূত্র জানায়, বাংলাদেশে এ্যারোমেটিক সাবানের পাঁচ শতাংশ মার্কেট শেয়ারসহ মোট ৩০০ মিলিয়ন টাকার বাজার রয়েছে।

চলতি বছরের প্রথম দিকে এমবিএল ক্যামেলিয়া সাবানের ব্র্যান্ডও কিনে নেয়। এ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তারা বাংলাদেশের প্রসাধন সামগ্রির বাজার দখলের চেষ্টা করছে।

‘প্যারাসুট’ নারিকেল তেল এমবিএল কোম্পানি লিমিটেডের একটি পণ্য। বাংলাদেশে এমবিএল’র ২ লাখ ৯০ হাজার বিক্রয় কেন্দ্র রয়েছে।