ডাক বিভাগের আধুনিকায়নের ওপর জোর দিলেন মন্ত্রী
আধুনিক কম্পিউটারাইজেশনের যুগে ডাক বিভাগকে অর্থনৈতিকভাবে লাভজনক খাতে পরিণত করতে ডাক বিভাগের আধুনিকায়নের কোনও বিকল্প নেই।
বিশ্ব ডাক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় মন্ত্রী দেশের বিভাগীয় সদর দপ্তরগুলোর জন্যে পাঁচটি মোবাইল পোস্ট অফিস উদ্বোধন করেন।
বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক এসএম আব্দুস সালাম সভায় সভাপতিত্ব করেন।
‘ডাক খাত : তথ্য সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও আন্তর্জাতিক পত্র লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জিএম ফজলুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মাহমুদ হাসান মনসুর বক্তৃতা করেন।
১৮৭৪ সালে সুইজারল্যান্ডের রাজধানী বার্ণে সার্বজনিন পোস্টাল ইউনিয়ন স্থাপন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডাক দিবস পালিত হয়।
