২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪টি স্থল বন্দর পরিচালনার ভার বেসরকারি খাতে হস্তান্তর

পণ্য পরিবহনে সুষ্ঠু ব্যবস্থাপনা ফিরিয়ে আনতে সরকার ১৩টি স্থল বন্দরের মধ্যে চারটির পরিচালনা ভার রোববার বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে। নির্মাণ-পরিচালনা-হস্তান্তর ভিত্তিতে ২৫ বছরের জন্যে এ বন্দরগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া এ স্থল বন্দরগুলো হচ্ছে, চাঁপাইনবাববগঞ্জের সোনা মসজিদ, দিনাজপুরের হিলি, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও কুমিল্লার বিবির বাজার।

বাকি বন্দরগুলোর পরিচালনা ভারও বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে বন্দরের ভূমি হস্তান্তর সম্পর্কিত চুক্তি না হওয়া পর্যন্ত কাজ শুরু করতে পারবে না বন্দর পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। এজন্য বন্দরের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করতে বেসরকারি এ প্রতিষ্ঠানগুলোকে আরও তিন মাস অপেক্ষা করতে হবে।

বেসরকারি এ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ’র (বিএলপিএ) চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার সাংবাদিকদের বলেন, তিন মাসের মধ্যেই ভূমি হস্তান্তর চুক্তি সম্পন্ন করা হবে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান এবং দরপত্র বিজয়ী কোম্পানির প্রধানগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরবিএ লিমিটেড’র চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ, শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং পানামা ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান চৌধুরী তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (বিএলপিএ) কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক শাহজাহান আলী মিয়া এমপি ও বিএলপিএ’র সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, সোনা মসজিদ ও হিলি স্থল বন্দর পরিচালনার দায়িত্ব পায় পানামা ট্রেডিং লিমিটেড। কোম্পানিটি সরকারের সাথে তার বার্ষিক রাজস্বের ৪৯ শতাংশ ভেরিয়েবল রয়ালিটি হিসেবে প্রদান করবে।

অপরদিকে, বিবির বাজার ও বাংলাবান্ধা বন্দর পরিচালনার দায়িত্ব পেয়েছে যথাক্রমে শেফার্ড টেক্সটাইল (বিডি) লিমিটেড ও ইআরবিএ লিমিটেড। চুক্তি অনুযায়ী, ইআরবিএ সরকারকে বছরে ৩১ দশমিক ২৬ শতাংশ এবং শেফার্ড ১৫ দশমিক ০১ শতাংশ ভেরিয়েবল রয়ালিটি প্রদান করবে।

এছাড়াও বন্দর ব্যবহার ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণের জন্যে কোম্পানিগুলো আগামী ২৫ বছর পর্যন্ত সরকারকে বছরে একটি নির্দিষ্ট পরিমান রয়ালিটি প্রদান করবে। নির্ধারিত সময়সীমা শেষে সরকার বন্দরগুলোর দায়িত্বভার গ্রহণ করবে।

চুক্তি অনুযায়ী, সম্ভাব্য সংগ্রহের ভিত্তিতে কোম্পানিগুলোকে অগ্রিম রাজস্ব প্রদান করতে হবে। এক্ষেত্রে সোনা মসজিদ বন্দরের জন্যে ৫০ দশমিক ৭ মিলিয়ন টাকা, হিলি বন্দরের জন্যে ২৮ দশমিক ৫ মিলিয়ন টাকা এবং বাংলাবান্ধা ও বিবির বাজার বন্দরের জন্যে ৫ দশমিক ৮ মিলিয়ন টাকা করে অগ্রিম প্রদান করতে হবে।

তবে পানামা ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান চৌধুরী অভিযোগ করেন, সরকারের বন্দর হস্তান্তর নীতিমালায় এ ধরনের কোনও নিয়ম না থাকলেও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ অগ্রিম রাজস্ব আদায় করছে।