গ্রামীণ ফোনের কাছ থেকে ৩১ কোটি টাকার ভ্যাট আদায়ে রাজস্ব বোর্ডের গড়িমসি
গ্রামীণ ফোনের (জিপি) কাছ থেকে মোট ৩১ কোটি টাকার মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অনাদায়ী করের লভ্যাংশ আদায়ে রহস্যজনক কারণে কালক্ষেপণ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গ্রামীণ ফোনের ১৮কোটি ৫৫ লাখ টাকার কর এড়িয়ে যাওয়ার বিষয়টি সনাক্ত করে এনবিআর’র বৃহৎ করদাতা (ভ্যাট) ইউনিট (এলটিইউ) কোম্পানিটিকে সুদসমেত ৩০ কোটি ৯৭ লাখ টাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলেছে।
কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে বারবার সময় নিয়ে গ্রামীণ ফোন কর পরিশোধে গড়িমসি করছে বলে এনবিআর সূত্র জানায়।
এনবিআর’র কর্মকর্তারা জানান, আগস্টের তৃতীয় সপ্তাহে এনবিআর জিপিকে এ ব্যাপারে সর্বশেষ পত্র পাঠিয়েছে। বিষয়টির নিষ্পত্তির ব্যাপারে জিপি তখন আরও তিনমাস সময় চেয়ে আবেদন করে। কিন্তু রহস্যজনক কারণে এলটিইউ’র কমিশনার এনায়েত হোসেন এখনও ফাইলটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাননি।
এ ব্যাপারে এনায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, এ সম্পর্কে আমি কিছু বলব না। সরকারি তথ্য গোপন রাখা আমার দায়িত্ব।
আরও তিনমাস সময় চেয়ে আবেদনের কারণে জিপি আদৌ ভ্যাট পরিশোধ করবে কি না সে ব্যাপারে রাজস্ব কর্মকর্তারা সন্দেহ পোষণ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলটিইউ’র একজন সিনিয়র কর্মকর্তা বলেন, জিপির চিঠির ব্যাপারে কমিশনারের সিদ্ধান্তের গড়িমসিই আমাদের উদ্বেগের কারণ।
এলটিইউ গত ৬ জুন জিপি’র ৩০৯ কোটি ৭ লাখ ৪৫ হাজার ৮ শ’ ৭৮ টাকার ডেপোজিটের মুনাফা ও মূল্য সংযোজন কর সম্পর্কে জানতে চেয়ে প্রথম পত্র পাঠায়। পত্রে ওই পরিমাণ অর্থের বিপরীতে মূসক পরিশোধিত না হলে প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জিপিকে এলটিইউ সতর্ক করে দেয়।
এলটিইউ’র পত্রের জবাবে জিপি জানায়, বাংলাদেশ রেলওয়ের এ ভ্যাট পরিশোধের কথা রয়েছে। ১৯৯৭ সালে রেলওয়ে জিপি’র ফাইবার অপটিক নেটওয়ার্ক লিজ নেয়।
দেরি না করে লাভসহ বকেয়া ভ্যাট পরিশোধের ব্যাপারে ২৭ জুন জিপিকে আবারও পত্র পাঠায় এনবিআর। ৫ জুন জিপি পূর্বের দেওয়া জবাবের বিষয়টি উল্লেখ করে নতুন করে আবারও জবাব পাঠায় বলে কর্মকর্তারা জানান।
সদ্য অবসর গ্রহণকারী এলটিইউ কমিশনার ফরিদ উদ্দিন জিপি’র কর এড়িয়ে যাওয়ার এ বিষয়টি আবিষ্কার করেন। বিডিনিউজ’র সঙ্গে আলাপকালে তিনি বলেন, জিপিকে আর সময় দেওয়া ঠিক হবে না। কর্তৃপক্ষ এ ব্যাপারে একটি শুনানি অনুষ্ঠান করতে পারত। কর্তৃপক্ষের উচিত বিচার বিভাগীয় সিদ্ধান্তের জন্য বিষয়টি ছেড়ে দেওয়া।
তবে এনবিআর কর্মকর্তা জানান, এ ব্যাপারে কোনও শুনানি অনুষ্ঠিত হয়নি।
১৯৯৭ সালে বাংলাদেশ রেলওয়ে (বিআর) এবং জিপি’র মধ্যে বিআর’র অপটিক্যাল ফাইবার ডিজিটাল কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহারের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে এনবিআরকে লিজ অনুযায়ী নির্ধারিত পরিমাণ অর্থ ও সরকারকে ১৫ শতাংশ ভ্যাট প্রদানের কথা ছিল।
এনবিআর কর্মকর্তারা কর এড়িয়ে যাওয়ার এ বিষয়টিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, জিপি ভ্যাট আইনের ধারা ৬ এবং ভ্যাট রেগুলেশনের ধারা ২৩ লঙ্ঘন করেছে।
জিপি’র মহাব্যবস্থাপক সৈয়দ ইয়ামিন বখতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
