বেনাপোল দিয়ে সুতা আমদানির অনুমতি চায় বিকেএমইএ: বিটিএমএ’র বিরোধিতা
বেনাপোল স্থল বন্দর দিয়ে সুতা আমদানির জন্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) যে দাবি জানিয়েছে তার বিরোধিতা করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বিটিএমএ বলছে, এর ফলে অবৈধভাবে সুতা আমদানি বৃদ্ধি পাবে।
শনিবার নগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিএমএ চেয়ারম্যান এমএ আউয়াল এ কথা বলেন।
বিকেএমইএ’র দাবির বিরোধিতা করে তিনি বলেন, সুতা আমদানির জন্য বেনাপোল স্থল বন্দর উন্মুক্ত করা হলে বৈধ আমদানির পাশাপাশি অবৈধভাবেও সুতা আমদানি বেড়ে যেতে পারে।
এছাড়া স্থলবন্দরটির অবকাঠামো দুর্বল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, স্থানীয় টেক্সটাইল মিলগুলো সুতা সরবরাহ করার পরও দেশে সুতার যোগান ২৫ শতাংশ কম। এই সংকট দূর করতে বিকেএমইএ বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে। তবে স্থানীয় টেক্সটাইল মিলগুলোই নিটওয়্যার খাতের পুরো চাহিদা পূরণ করতে সক্ষম বলে বিটিএমএ চেয়ারম্যান উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা প্রতিদিন প্রায় ৭০০ টন সুতা উৎপাদন করছি। এর মধ্যে নিটওয়্যার খাতে প্রয়োজন ৪৫০ টন। তাছাড়া, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত সুতা নিটওয়্যার প্রস্তুতকারকদের চাহিদা পূরণে যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন।
এর আগে দেশে সুতা সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি দূর করতে বিকেএমইএ নেতৃবৃন্দ সরকারের প্রতি বেনাপোল বন্দর উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান। এছাড়াও স্থানীয় টেক্সটাইল মিলগুলো প্রতি কেজি সুতার দাম দশমিক ৩০ থেকে দশমিক ৪০ মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বলে জানান বিকেএমইএ নেতৃবৃন্দ।
বিটিএমএ চেয়ারম্যান বলেন, এ অভিযোগ ঠিক নয়। আমরা সুতার দাম প্রতি কেজিতে দশমিক ১০ থেকে দশমিক ১৫ ডলার বৃদ্ধি করতে চাচ্ছি।
তিনি বলেন, স্বল্প সময়ে রপ্তানি নিশ্চিত করতে মিল কর্তৃপক্ষ এলসি (লেটার অব ক্রেডিট) ছাড়াই নিটওয়্যার প্রস্তুতকারকদের সুতা সরবরাহ করে থাকে।
বিটিএমএ সহসভাপতি মো: জামাল উদ্দিন ও সদস্য এমএ রউফ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিকেএমইএ সভাপতি মো: ফজলুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, অবৈধ আমদানি রোধ করতে তারা কেবল রপ্তানিকারকদের জন্যে বেনাপোল বন্দর খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন।
তিনি বলেন, টেক্সটাইল মিল কর্তৃপক্ষ সুতার দাম বাড়িয়ে দিয়েছে। পূর্বে গৃহীত এলসির চেয়ে তারা এখন বর্ধিত মূল্য আদায় করছে।
মো: ফজলুল হক বলেন, নিটওয়্যার খাতের প্রবৃদ্ধির হার বর্তমানে ৩২ শতাংশ। ক্রম প্রসারমান এ খাতের চাহিদা ধরে রাখতে স্থানীয় টেক্সটাইল মিলগুলো ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সুতা আমদানির জন্য চট্টগ্রাম বন্দর ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নিটওয়্যার কারখানাগুলোর চাহিদা পূরণ করতে সাতটি জাহাজ দরকার। কিন্তু মাত্র চারটি জাহাজের মাধ্যমে এ কাজ করতে হচ্ছে। তাছাড়া চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারত থেকে সুতা আমদানি করতেও প্রায় এক মাস সময় লেগে যায় বলে তিনি জানান।
