২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান বিডি লিমিটেড’র চাকরিচ্যুত শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

চাকরি থেকে অবৈধভাবে বরখাস্ত এবং বকেয়া বেতন না দেওয়ার প্রতিবাদে সাভার ইপিজেড এর কোরিয়ান গার্মেন্টস কারখানা ওয়ান বিডি লিমিটেড’র চাকরিচ্যুত শ্রমিকরা শুক্রবার নগরীর মুক্তাঙ্গণে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, অতি দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা বিদেশী ক্রেতাদেরকে বিষয়টি জানাবে এবং আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

সমাবেশে চাকরিচ্যুত শ্রমিক নেতা সোলায়মান বলেন, হয় আমাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে, নতুবা চাকরি ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে চাকরিচ্যুত শ্রমিকদের অনেকেরই ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা পাওনা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বিইপিজেডএ) ঘেরাও কর্মসূচি পালন করব এবং বিদেশী বিনিয়োগকারীদেরকে বিষয়টি জানাব।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ) প্রতীকী এ অবস্থান কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহসভাপতি শাহিদা সরকার।

কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওয়ান বিডি লিমিটেডের মালিক ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ২২৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে ১১ দল নেতা ও সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি নুরুল ইসলাম, শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) এর সমন্বয়কারী ডাঃ ওয়াজেদুল ইসলাম খান এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক বক্তব্য রাখেন।

দিলীপ বড়ুয়া বলেন, কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি না মেনে নিলে ১১ দল ও বাম গণতান্ত্রিক ফ্রন্ট রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার জোট সরকারের অধীনে নিরাপদ নয়।

সাভারের স্পেকট্রাম গার্মেন্টস দুর্ঘটনার কথা উল্লেখ করে নুরুল ইসলাম শ্রমিকদের অধিকার রক্ষায় বর্তমান জোট সরকারের পতন ঘটানোর জন্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।