বাটা সু কোম্পানির ৫ কোটি টাকা ভ্যাট ফাঁকি
সরকারের পাঁচ কোটি টাকা মুল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দিয়েছে বাটা সু কোম্পানি (বিডি) লিমিটেড। জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) এক তদন্তে এ তথ্য বের হয়ে এসেছে।
রাজস্ব বোর্ড’র একটি সূত্র বৃহস্পতিবার বিডিনিউজকে জানায়, এ ব্যাপারে কোম্পানিটিকে ইতোমধ্যে দু’টি কারণ দর্শানো ও ডিমান্ড নোটিশ দেওয়া হয়েছে। তবে এর জবাব দেওয়ার জন্যে মঙ্গলবার এক চিঠিতে তারা আরও সময় চেয়েছে।
রাজস্ব বোর্ড পরিচালিত এক তদন্তে দেখা যায়, বাটা সু কোম্পানি তাদের ১৩টি পাইকারি ডিপোর মাধ্যমে ৪ দশমিক ৯৮ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে।
সূত্র জানায়, সরকারকে কোনও কর প্রদান ছাড়াই কোম্পানির ধামরাই ও টঙ্গীতে অবস্থিত কারখানায় প্রস্তুতকৃত জুতা ১৩টি পাইকারি ডিপোতে সরবরাহ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ কর প্রদানকারী ইউনিটের কমিশনার এনায়েত হোসেন বলেন, কর নীতিমালা অনুযায়ী, কারখানা থেকে পাইকারি ডিপোতে পণ্য শিপমেন্টের সময় সরকারকে ১ দশমিক ৫ শতাংশ হারে কর প্রদান করতে হয়।
এ ইউনিটের অপর এক কর্মকর্তা বলেন, ২০০১ সালের জুলাই থেকে হিসেব করে আমরা বাটা’র এ পরিমান কর ফাঁকি দেওয়ার তথ্য পেয়েছি।
রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলেন, পাইকারি ডিপোর বিক্রি অনুযায়ী, তাদেরকে ফাঁকি দেওয়া কর পরিশোধ করতে হবে। পরিশোধ না করলে মূল্য সংযোজন কর নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান।
কানাডার কোম্পানি বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে তাদের ব্যবসা চালিয়ে আসছে।
