২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি খাতে বাগাড়ম্বরপূর্ণ প্রতিশ্রুতির তুলনায় সাফল্য নগণ্য

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্ষেত্রে সরকারের বাগাড়ম্বরপূর্ণ সকল প্রতিশ্রুতি শেষপর্যন্ত সম্পূর্ণ রাজনৈতিক চাতুরি বলেই প্রমাণিত হয়েছে। সরকারের চার বছরের মেয়াদকালে এ খাতে রফতানি আয় হয়েছে মাত্র দুই কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এসএম সালাহউদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

দেশের একটি বৃহত্তর রফতানি খাত হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গত চার বছরে এখাতে সরকারের মাইলফলক পদক্ষেপগুলো হচ্ছে, ঢাকায় একটি আইসিটি ইনকিউবেটর স্থাপন, কালিয়াকৈরে একটি হাইটেক পার্ক প্রতিষ্ঠা, একটি আইসিটি টাস্কফোর্স গঠন ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন।

বিশেষজ্ঞরা বলেছেন, নীতি নির্ধারকদের অজ্ঞতার কারণে ভুল প্রক্রিয়ার মধ্যে ঘুরপাক খাওয়ায় প্রধান রফতানি খাত তো দূরের কথা আইসিটি খাতের কোনও অগ্রগতিই হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এ খাতের একজন উদ্যোক্তা জানান, বিশ্বের আইসিটি মানচিত্রে বাংলাদেশের কোন অস্তিত্বই নেই। তিনি বলেন, এ খাতের গুরুত্ব আগেভাগে উপলব্ধি করতে না পারায় দেশের ডাটা এন্ট্রি সংক্রান্ত প্রচুর অর্ডার হাতছাড়া হয়ে গেছে। এ খাতের প্রকৃত ইস্যুগুলো সরকার বুঝতে পারেনি এবং এ সমস্যার সমাধান আগে করা দরকার বলে তিনি জানান।

অনলাইন ব্যবসা অনুমোদন দানের মাধ্যমে আইসিটি খাতকে সক্রিয় করা এবং স্থানীয় ও বিস্তৃততর নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে দ্রুততর তথ্য সঞ্চারণ ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে কম্পিউটার প্রযুক্তি সমৃদ্ধ করে ই-গভর্নেন্স নিশ্চিত করা দরকার এবং এজন্য সব ইস্যুর মধ্যে আইসিটির উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

দ্রুততর তথ্য সঞ্চারণ সুবিধা নিশ্চিত করতে হলে গ্লোবাল ফাইবার অপটিক ব্যাকবোনের সাথে দেশকে সম্পৃক্ত করা প্রয়োজন হলেও এখনও তা করা সম্ভব হয়নি। মন্ত্রণালয়, পরিসংখ্যান অধিদপ্তর, থানা, গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনিক কার্যালয়গুলোকে কম্পিউটার প্রযুক্তি নির্ভর করার ব্যাপারে এখনও কার্যকর কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। দেশের ব্যাংকগুলোও এখনও গ্লোবাল সাইবার কেশ গেটওয়ের সাথে সংযুক্ত হতে পারেনি এবং ফরেন এক্সচেঞ্জও এখনও অনলাইন সুবিধার বাইরে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছরের মধ্যেই দেশ তথ্য সুপার হাইওয়ের সঙ্গে সংযুক্ত হবে। তবে এ সুবিধা এ বছরই ব্যবহারকারীরা পাবেন না। কারণ কক্সবাজার-চট্টগ্রাম অপটিক্যাল ফাইবার লিংকের কাজ এখনও শুরুই হয়নি।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল প্রকল্পের প্রকল্প পরিচালক মনোয়ার হোসেন বলেছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের আন্তর্জাতিক সার্কিট ও ব্যান্ডউইদ ইন্টারনেট ব্যবহারের কাজে আসবে এবং আন্তর্জাতিক কল রেটের আয় থেকে সরকারের রাজস্ব খাত সমৃদ্ধ হবে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বিডিনিউজকে জানান, অবকাঠামো এবং অন্যান্য অসুবিধার কারণে প্রস্তাবিত কালিয়াকৈর হাইটেক পার্ক বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হবে না।

বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান সম্প্রতি এক সেমিনারে বলেন, সরকার অবকাঠামো উন্নয়নে এখনও পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেনি। বিশেষত সফটওয়্যার উন্নয়নে আরও বিনিয়োগের প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।

সরকার আইসিটি নীতি অনুমোদন করলেও বিগত কয়েক বছরে তা যথাযথভাবে বাস্তবায়ন করা যায়নি।

আইএসপিএবি সভাপতি বলেন, ইন্টারনেট সেবা প্রদানকারীদের কাছ থেকে লাইসেন্স ও বার্ষিক ফি বাবদ যে পরিমাণ অর্থ নেওয়া হয়ে থাকে, তা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। একজন ইন্টারনেট সেবাপ্রদানকারীর ব্যান্ডউইদ লাইসেন্সের জন্য এক লাখ টাকা দিতে হয় এবং বার্ষিক ফি বাবদ নেওয়া হয়ে থাকে আরও ২০ হাজার টাকা। এ খাতের উন্নয়নের স্বার্থে ফি’র পরিমাণ আরও কমানো উচিত বলে তিনি জানান।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এসএম ইকবাল বলেন, বেশ কিছু পাইলট প্রজেক্ট না নিলে দেশের ই-গভর্নেন্স ব্যবস্থা বাস্তবের মুখ দেখবে না।

আইসিটি পণ্যের রফতানি উন্নয়নের লক্ষ্যে ক্যালিফোর্নিয়ায় আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল খোলা হয়েছে। মঞ্জু বলেন, আউটসোর্সিং সুবিধা বাড়াতে কাউন্সিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

ভিওআইপি’র (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) মাধ্যমে ইন্টারনেট টেলিফোন ব্যবহারে সরকারি অনুমোদন না থাকলেও বেশকিছু লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান অবৈধভাবে গোপনে এ ব্যবসা করে যাচ্ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সহ-সভাপতি টিএম নূরুল কবির বুধবার বলেন, সফটওয়্যার রফতানির মাধ্যমে গত চার বছরে সর্বমোট ২ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার রফতানি আয় হয়েছে। ২০০১-০২ অর্থবছরে ১০ লাখ আট হাজার, ২০০২-০৩ অর্থবছরে ২০ লাখ ৬ হাজার, ২০০৩-০৪ অর্থবছরে ৭০ লাখ ১৯ হাজার এবং ২০০৪-০৫ অর্থবছরে এ খাতে রফতানি আয় ছিল ১ কোটি ১০ লাখ ৪৪ হাজার মার্কিন ডলার।