২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাঞ্চল বাইপাস প্রকল্প পরিকল্পনা, বাস্তবায়নে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত

মহানগরী ঢাকার সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হিসেবে পূর্বাঞ্চল বাইপাস প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানকে প্রধান করে সরকার ২৫ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিশ্বব্যাংকের দাবি অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর এ কমিটি গঠন করা হয়। বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরেই প্রকল্পটি বাস্তবায়নের জন্যে একটি পৃথক কমিটি গঠনের কথা বলে আসছিল।

সূত্রটি বুধবার বিডিনিউজকে জানায়, অর্থমন্ত্রীর কাছ থেকে সম্মতি পাওয়ার পর পানি সম্পদ মন্ত্রী ২৮ সেপ্টেম্বর কমিটি সদস্যদের নাম ও তাদের কার্যাবলী উল্লেখ করে একটি প্রজ্ঞাপণ জারি করে। তাতে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে কমিটির আহ্বায়ক করা হয়।

২৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আছেন, মন্ত্রিপরিষদের পাঁচজন মন্ত্রী, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, দুই জন প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের নয় জন সচিব এবং রাজউক, সড়ক ও জনপথ, ঢাকা ওয়াসা, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ, বন ও পরিবেশ বিভাগের প্রধানগণ, ডিসিসির সিইও এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে কমিটির সদস্য সচিব করা হয়।

কমিটির কার্যাবলী সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা প্রকল্পের কার্যপরিধি, উদ্দেশ্য, ধারা, অর্থায়ন ও বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ করে বিস্তারিত প্ররিকল্পনা প্রণয়ন করবেন। একই সাথে কমিটি প্রকল্প বাস্তবায়নকালীন সমন্বয়ের ব্যাপারে সুপারিশ করবে।

মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এটি খুবই উচ্চ পর্যায়ের কমিটি এবং এর সদস্যরা তাদের নিয়মিত কার্যাবলী নিয়েই খুব ব্যস্ত। এ কারণে মন্ত্রণালয় প্রতিবেদন দাখিলের জন্যে কমিটিকে নির্দিষ্ট কোনও সময়সীমা বেধে দেয়নি।

তিনি বলেন, ঢাকা সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হিসেবে পূর্বাঞ্চল বাইপাস প্রকল্প একটি বহুমুখী, জটিল ও ব্যয়বহুল প্রকল্প।

প্রকল্পের ব্যাপকতা ও ব্যয় নিয়ে এর আগে সাইফুর রহমান বলেছিলেন, প্রকল্প বাস্তবায়নে আমাদের সামর্থ আছে কি না এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপের ব্যাপারে আরও পর্যালোচনা করতে হবে।

১৯৯৯ সালের ৩ ফেব্রুয়ারি একনেক বৈঠকে প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, ওয়াসা, ঢাকা সিটি কর্পোরেশন, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ বিভাগ ও রাজউককে।

প্রকল্প বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে ২,৪৭৫ দশমিক ৮২ কোটি টাকা। এর মধ্যে দাতা সংস্থাগুলো, বিশেষ করে বিশ্বব্যাংক দেবে ৮২১ দশমিক ৬৫ কোটি টাকা এবং স্থানীয় উৎস থেকে বাকি ১৬৫৪ দশমিক ১৬ কোটি টাকা ব্যয় নির্বাহ করা হবে।

প্রকল্প ব্যয় সম্পর্কে সাইফুর রহমান বলেন, ১৯৯৯ সালে এ ব্যয় ধরা হয়েছিল। তবে ২০০৫ সালে এ ব্যয় ৩০০০ কোটি টাকা কম হবে।