রমজানের প্রভাব পড়েছে ঢাকার বাজারে, সব কিছুরই দাম আকাশ-ছোঁয়া
সংযমের মাস হলেও পবিত্র রমজান মাস এলেই প্রতি বছরই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যায়। ব্যতিক্রম হয়নি এ বছরও।
তবে খুচরা বাজারের চেয়ে পাইকারি বাজারে প্রতিটি পণ্যের দামেই রয়েছে বেশ হেরফের। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে ২০ থেকে ৩০ শতাংশ অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, প্রাকৃতিক দূর্যোগসহ নানান কারণে অনেক আগে থেকেই অবশ্য ঢাকার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম চড়তে শুরু করে।
ইব্রাহিমপুর কাঁচা বাজারের বিক্রেতা আব্দুর রহমান বিডিনিউজকে জানান, শাকসবজির যোগানের ওপর নির্ভর করে দাম নিয়ন্ত্রন হচ্ছে। প্রাকৃতিক দূর্যোগের কারণে ঢাকায় শাক সবজির সরবরাহ বেশ কমে গেছে। তাছাড়া রমজানের কারণে বাজারে চাহিদা বেশি থাকায় বাজারে পণ্যের দাম বেড়ে গেছে। এ অবস্থা পুরো মাস জুড়ে থাকতে পারে তিনি জানান।
বুধবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ইফতার সামগ্রী হিসেবে ব্যবহার্য আটা, বেগুন, ডাল, ছোলা, চিনি, পেঁয়াজ, রসুন ও তেলের দাম বেশ কিছুটা বেড়েছে। এছাড়া বেড়েছে মাছ, মাংস, মুরগী ও বিভিন্ন কাঁচা তরিতরকারির দাম।
মাছ ও মাংসের দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা, আটা দুটাকা, তেল, চিনি ও মুড়ি চার টাকা, ছোলা ১০ টাকা, ডাল, বেগুন ও পেঁয়াজ ছয় টাকা বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগীতে ১২ টাকা ও দেশী মুরগীতে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে এ সময়ে। তবে চালের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
বিভিন্ন ফলমূলের দামও বেশ চড়া। প্রতি কেজি আঙ্গুর ২০০ থেকে ২২০, আপেল ৭০ থেকে ৮৫ টাকা, পেঁপের ৪০ থেকে ৫০ টাকা, আনারস প্রতিটির দাম ২০ থেকে ৩০ টাকা, কলা প্রতি হালি দুটাকা বেড়ে ১০ থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে। ইফতারে ব্যবহার্য খেজুরের দামও বেশ চড়া।
বাজারগুলোতে দেখা যায়, সয়াবিন তেলের দাম কেজি প্রতি বেড়েছে এক টাকা। পাঁচ কেজি সয়াবিন তেলের দাম ২৫৫ থেকে ২৫৭ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি পেঁয়াজ ৩২ টাকা, রসুন ৫২ টাকা, আদা ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, ডিম ১৬ টাকা, ছোলা ২৮ টাকা থেকে বেড়ে ৩৮ টাকায় বিক্রি হয়েছে।
বাজার ভেদে চিনির দাম কেজি প্রতি দুটাকা বাড়লেও সব বাজারে চিনির দাম এক টাকা বেড়েছে। এ সপ্তাহে চিনির কেজি প্রতি ৪০ টাকায় বিক্রি হয়েছে।
কাফরুল, ইব্রাহিমপুর, শেওড়াপাড়া ও কাওরান বাজারে কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, টমেটো কেজি প্রতি ৪০ টাকা, করল্লা চার টাকা বেশি দামে কেজি প্রতি ২০ টাকায় বিক্রি হচ্ছে। শসা প্রতিকেজি ২৪ টাকা, বেগুন ২০ থেকে ২২ টাকা, আলু ৯ টাকা, পটল ১৬ টাকায় বিক্রি হয়েছে।
বিভিন্ন মাছের বাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের যে ইলিশ গত সপ্তাহে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে তা এখন ১১০ থেকে ১২০ টাকা, মাঝারি আকারের ইলিশ ১৫০ থেকে ১৮০ টাকা এবং বড় আকারের ইলিশ ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে খাসির মাংস ও মুরগীর দাম। খাসির মাংস ২০০ থেকে ২২০ টাকা এবং ব্রয়লার মুরগী ৮০ থেকে ৮৫ টাকা ও দেশী মুরগী ১২০ থেকে ১৫০ পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে।
