২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটাকে অস্বাভাবিক কোনও দাবি না তোলার আহ্বান জানিয়েছেন সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান মঙ্গলবার প্রস্তাবিত আড়াই কোটি বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির পূর্বশর্ত হিসেবে কোনও অস্বাভাবিক দাবি না তোলার জন্য টাটার প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

টাটা সন্সের ব্যবস্থাপনা পরিচালক অ্যালান রসলিংয়ের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ট্যাক্স ও ভ্যাট ছাড়ের মতো কোনও ইস্যুতে দেশের বিনিয়োগ পরিবেশকে অমসৃণ না করার ব্যাপারে আমি তাদের অনুরোধ জানিয়েছি।

মন্ত্রী বিশ্বব্যাপী টাটার সুখ্যাতির কথা উল্লেখ করেন এবং তাদের বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, টাটা গ্রুপ একটি বিশাল কোম্পানি। গুরুত্বপূর্ণ নাজুক ইস্যুগুলো নিয়েও আলোচনার মাধ্যমে সমাধানে আসার সক্ষমতা তাদের রয়েছে।

সাইফুর বলেন, তাদের সেই সক্ষমতার মাধ্যমে তারা চাইবে যতদূর সম্ভব সুবিধা আদায় করে নিতে।

তিনি বলেন, আমি তাদের ভ্যাট ও ট্যাক্স প্রদানের ব্যাপারে বলেছিলাম, তারা রাজি হয়নি।

এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান কূটনৈতিক অবস্থাও টাটার সাথে চলতি আলোচনায় প্রভাব ফেলবে বলে অর্থমন্ত্রী জানান।

বাংলাদেশে আড়াই কোটি ডলার বিনিয়োগের প্রাক্কালে নাজুক বিষয়গুলোতে টাটা গ্রুপ সরকারের সাথে তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের আলোচনা শনিবার থেকে শুরু করেছে।

চূড়ান্ত পর্যায়ের আলোচনায় আর্থিক প্রণোদনা, গ্যাস সিকিউরিটি, গ্যাসের মূল্য, প্রস্তাবিত টাটা পাওয়ার প্লান্টের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ শুল্ক, কয়লা খনির প্রক্রিয়াজাতকরণ এবং ভূমি বণ্টনের মতো নাজুক ইস্যুগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে।