গ্রামীণ ফোন বৃহস্পতিবার থেকে কল চার্জ কমাচ্ছে
গ্রামীণ ফোন (জিপি) আগামী বৃহস্পতিবার থেকে তাদের প্রি পেইড ও পোস্ট পেইড সংযোগের ক্ষেত্রে যথাক্রমে ২৬ দশমিক ৬৭ এবং ৩৩ দশমিক ৩৩ শতাংশ কলচার্জ কমাচ্ছে।
রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক আয়াস জানান, নতুন কলচার্জ অনুযায়ী প্রিপেইড গ্রাহকরা ৬ টাকা মিনিটের পরিবর্তে ভ্যাট ব্যতিত গ্রামীণ থেকে গ্রামীণ ৪ দশমিক ৪ টাকা মিনিটে এবং অন্যান্য সংযোগের ক্ষেত্রে ৪ দশমিক ৮ টাকা মিনিটে কল করতে পারবেন।
তবে জিপি প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য ‘মাই টাইম’ (সকাল ৬ টা থেকে ৯ টা এবং দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত) এবং ‘ইজি আওয়ার’ (রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত) ও ‘মাই ইজি নাম্বারের’ (যেকোনও একটি জিপি নাম্বারে ২৪ ঘণ্টা) কলচার্জ অপরিবর্তিত থাকছে।
এছাড়া ‘মাই চয়েস’ প্যাকেজের গ্রাহকরা যে কোনও একটি জিপি নাম্বারে ৪ দশমিক ৫ টাকার পরিবর্তে এখন থেকে ৪ টাকায় এবং অন্যান্য মোবাইলের ক্ষেত্রে ৫ দশমিক ৫ টাকার পরিবর্তে ৪ দশমিক ৮ টাকা মিনিটে কথা বলতে পারবে। তবে ‘ইজি আওয়ারের’ কল রেটে কোনও পরিবর্তন আসেনি।
এছাড়াও ডিজুস গ্রাহকরা নতুন কল রেটে ৪ দশমিক ৯৮ টাকার পরিবর্তে ৪ দশমিক ৬৫ টাকা মিনিটে কথা বলতে পারবে।
গ্রামীণ ফোনের জিপি রেগুলার ও জিপি ন্যাশনালের কল রেট প্রায় আগের মতোই রয়েছে। আগে টিএন্ডটি থেকে কল রিসিভ করার জন্য প্রথম পাঁচ মিনিটে কোনও চার্জ দিতে হত না এবং পরবর্তী প্রতি মিনিটে এক টাকা করে দিতে হত। সেক্ষেত্রে কিছু পুনর্বিন্যাস করা হয়েছে।
গ্রামীণ ফোনের মার্কেটিং ডিরেক্টর কফিল এইচএস মুঈদও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
