২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি পণ্যের বহুমুখীকরণ কানাডায় বাংলাদেশের রপ্তানি বাড়াতে সহায়ক হতে পারে

স্বল্পোন্নত দেশের জন্য কোটা ও শুল্কমুক্ত সুবিধা এবং রুলস অব অরিজিন সহজীকরনের পর রপ্তানি পণ্যের বহুমুখীকরণ কানাডায় বাংলাদেশের রপ্তানি বাড়াতে সহায়ক হতে পারে। ঢাকায় নিযুক্ত কানাডার দূত মঙ্গলবার একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

কানাডার ভারপ্রাপ্ত হাই কমিশনার রবার্ট বিডল বলেন, কানাডার বাণিজ্য উদারীকরণ নীতির কারনে বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে বড় ধরনের সুবিধা অর্জন করেছে। ফলে গত পাঁচ বছরে কানাডায় বাংলাদেশের রপ্তানি দাঁড়ায় তিন গুন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং ট্রেড ফ্যাসিলিটেশন অফিস, কানাডা’র (টিএফওসি) যৌথ উদ্যোগে ঢাকার এক হোটেলে আয়োজিত ‘কানাডায় রপ্তানি’ শীর্ষক সেমিনারে রাস্ট্রদূত একথা বলেন। কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি (সিডা)র অর্থায়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এই সেমিনার আয়োজনের মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংস্থা বাণিজ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ মোকাবেলায় মূলত রপ্তানি পণ্যের বহুমূখীকরণের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে।

সেমিনারে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, বাণিজ্য সচিব ফারুক আহমেদ সিদ্দিকী এবং ইপিবি ভাইস চেয়ারম্যান মোস্তফা মহিউদ্দিন।

রবার্ট বিডেল বলেন, কানাডা প্রধানমন্ত্রী পল মার্টিন অঙ্গীকার অনুযায়ী সিডার ১০ মিলিয়ন ডলারের সহায়তায় সম্প্রতি বাংলাদেশে লোকাল এন্টারপাইজ ইনভেস্টমেন্ট সেন্টার (এলইআইসি) স্থাপিত হয়েছে, যার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের নতুন প্রযুক্তি দক্ষতা সহায়তা দেওয়া হবে। বিশ্বে এই প্রথম কানাডার সহায়তায় এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, কানাডা বাংলাদেশের জন্য কোটা ও শুল্কমুক্ত সুবিধা এবং সহজ রুলস অব অরিজিন বাস্তবায়নের পর গত বছর এর আগের বছরে তুলনায় ১৪০ শতাংশ রপ্তানি বেড়েছে।

মোস্তাফা মহিউদ্দিন বলেন, কানাডার বাজার সম্পর্কে দেশের রপ্তানিকারকদের সম্যক ধারনা থাকা প্রয়োজন এবং উদার বাণিজ্য ব্যবস্থায় কিভাবে সুবিধা অর্জন করা যায়, তা জানাও সমান গুরুত্বপূর্ণ।

টিএফওসি এই সেমিনারের মাধ্যমে কানাডার বাজার সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য প্রদান এবং রপ্তানি বহুমূখীকরনের জন্য বিশেষ করে সিরামিক এবং চামড়াজাত পণ্যের সম্পর্কে ধারণা দেবে।

সিরামিক এবং চামড়াজাত শিল্প প্রতিনিধিসহ সরকারি এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সেমিনারে যোগ দেন।

গত বছরে দু’দেশের দ্বিপাক্ষিক বানিজ্যের পরিমান ৪১ কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশ থেকে রপ্তানির পরিমান প্রায় ৩৪ কোটি টাকা এবং কানাডা থেকে আমদানির পরিমান ৭ কোটি ৫০ লাখ ডলার। কানাডায় বাংলাদেশ থেকে মূলত গার্মেন্টস এবং হিমায়িত খাদ্য রপ্তানি হয় এবং জ্বালানি ও টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি, পাল্প এবং বিভিন্ন ধরনের মেটাল আমদানি হয়।