২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম তাঁত মেলায় আড়াই কোটি টাকার পণ্য বিক্রি

চট্টগ্রাম তাঁত শিল্প মেলায় প্রায় আড়াই কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। বাংলাদেশ তাঁত বোর্ড ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মেলাটি সোমবার শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 12:08 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

মেলার সভাপতি ও বাংলাদেশ তাঁতী সমিতির সহ-সভাপতি আবদুল গণি বিডিনিউজকে জানান, চট্টগামের এ মেলায় মোট ১১০টি স্টলে আড়াই কোটি টাকার মত পণ্য বিক্রি হয়েছে।

চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত এ মেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বিক্রি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আয়োজক ও বিক্রেতাদের সূত্রে জানা গেছে, মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে টাঙ্গাইলের তাঁতের পণ্য। টাঙ্গাইলের বিভিন্ন প্রকারের কাপড় বিক্রি হয়েছে প্রায় এক কোটি টাকার মত।

এককভাবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে জামদানী শাড়ি। রংপুরের ‘মুসলিম জামদানি’ নামের একটি স্টলের মালিক মোস্তাক হোসেন বিডিনিউজকে জানান,তার স্টলে সাত লাখ টাকার মত জামদানী শাড়ি বিক্রি হয়েছে।

এছাড়া মেলায়, মিরপুরের বেনারসী, সিলেটের মণিপুরি, রাঙ্গামাটির তাঁতের কাপড়, কুমিল্লার খদ্দর, কুষ্টিয়ার বিছানার চাদর ও জামালপুরের নক্সীকাঁথার চাহিদা ছিল প্রচুর।

মেলার আয়োজক বাংলাদেশ তাঁত বোর্ড ও তাঁতী সমিতি জানিয়েছে, তাঁতের কাপড় দেশের মোট কাপড়ের চাহিদার ৪০ শতাংশ যোগান দিচ্ছে। সুতা আমদানির উপর বিদ্যমান কর ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে সাত শতাংশ করলে তাঁত শিল্পের মাধ্যমে চাহিদার ৭০ শতাংশ যোগান দেওয়া সম্ভব হবে।

আয়োজকরা আশা করছেন, সরকারের পূর্ণ সহযোগিতা পেলে তাঁতের পণ্য দেশের কাপড়ের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও প্রচুর পরিমাণে রপ্তানি করা যাবে।

বর্তমানে ভারত, পাকিস্থান, ইউরোপ কানাডা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাঁত বস্ত্র রপ্তানি হচ্ছে।