২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস নিরাপত্তা নিয়ে টাটার সঙ্গে সরকারের মতানৈক্য

গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে ভারতের বৃহত্তম কোম্পানি টাটা গ্রুপ দুটি গ্যাস ফিল্ড ছেড়ে দেওয়ার যে ‘অযৌক্তিক’ দাবি জানায় বাংলাদেশ তাতে অসম্মতি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সোমবার রাষ্ট্রায়াত্ত তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার কর্মকর্তাদের সাথে টাটার মধ্যস্থতাকারী প্রতিনিধি দলের এক বৈঠকে তারা এ দাবি জানায়।

বাংলাদেশের সার, ইস্পাত ও বিদ্যুৎ খাতে আড়াই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো ঠিক করতে টাটা গ্রুপ রোববার সরকারের সঙ্গে তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু করে।

পেট্রোবাংলার একজন কর্মকর্তা জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে টাটা গ্রুপ আলোচনায় পেট্রোবাংলার কাছে তাদের জন্যে দুটি গ্যাস ফিল্ড ছেড়ে দেওয়ার দাবি জানায়।

তিনি আরও বলেন, গ্যাস ফুরিয়ে গেলে বিকল্প ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় টাটা।

টাটা ২০ থেকে ২৫ বছরে দেড় টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) গ্যাসের নিশ্চয়তা চাচ্ছে।

এদিকে টাটার মধ্যস্থতাকারী প্রতিনিধিদল ভূমি ও জ্বালানি বিষয়ক উপ কমিটির সঙ্গেও বৈঠক করেছে।

টাটা সন্সের ব্যবস্থাপনা পরিচালক অ্যালান রসলিং রোববার সাংবাদিকদের বলেছিলেন, এ পর্যায়ের আলোচনা প্রায় দেড় মাস ধরে চলতে পারে। তিনি বলেন, আমরা আশা করছি এটিই হবে চূড়ান্ত আলোচনা।

চূড়ান্ত পর্যায়ের এ আলোচনায় মূলতঃ ছয়টি বিষয় স্থান পাবে। এগুলো হচ্ছে, টাটার বিনিয়োগের বাৎসরিক ভর্তুকি, গ্যাসের নিরাপত্তা, গ্যাসের দাম, টাটার প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের শুল্ক, কয়লা খনি এবং ভূমি অধিগ্রহণের উপায়।

২০০৫ সালের ২০ এপ্রিল টাটা গ্রুপ বিনিয়োগ বোর্ডের কাছে বাংলাদেশে আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগের একটি প্রস্তাব পেশ করে। তাদের এ প্রস্তাবের মধ্যে রয়েছে, চট্টগ্রামে এক মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউরিয়া সার কারখানা স্থাপন, সিরাজগঞ্জে এক হাজার মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ঈশ্বরদী অথবা ভেড়ামারায় ২ দশমিক ৪ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি ইস্পাত কারখানা স্থাপন।