২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক পর্যায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণে রাজস্ব বোর্ডের ব্যর্থতায় আয়কর আদায় কমেছে

চলতি অর্থবছরের তিন মাস অতিবাহিত হয়ে গেলেও এসময়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তার আঞ্চলিক ও সার্কেল কার্যালয়কে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতে পারেনি। এতে আয়কর আদায়ের পরিমান উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে বোর্ড সূত্র জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 08:28 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এনবিআর’র আয়কর নীতির সদস্য এএস জহির মোহাম্মদ বিডিনিউজকে বলেন, এখনও কেন আঞ্চলিক ও সার্কেল কার্যালয়ের আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়নি তা আমি জানি না।

এনবিআর কর্মকর্তারা জানান, বোর্ড প্রতি বছর জুলাইয়ের মধ্যেই প্রত্যেক আঞ্চলিক ও সার্কেল কার্যালয়কে তাদের আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়।

কর্তৃপক্ষের যথাযথ নির্দেশ না থাকায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আয়কর আদায় অভিযানে খুব একটা গতি নেই।

নাম প্রকাশ না করার শর্তে অঞ্চল-২ এর একজন আয়কর কর্মকর্তা বিডিনিউজকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের একটি তাগিদ থাকলে তা আয়কর আদায় অভিযানে সহায়ক ভূমিকা রাখে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, হয়ত দেখা যাবে, এমন সময়ে লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হলো যখন তা আর পূরণ করা সম্ভব হবে না।

তিনি বলেন, লক্ষ্যমাত্রা নির্ধারণে দেরি হওয়ায় আমাদেরকে চাপের মধ্যে পড়তে হতে পারে।

অঞ্চল-১ এর অপর এক কর্মকর্তা বলেন, সময় মতো লক্ষ্যমাত্রা নির্ধারণে কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে আয়কর আদায় ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

কর প্রশাসন বিভাগের সদস্যরা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বললেও বিভাগের ইনচার্জ সাজ্জাদ হুসাইন বিডিনিউজকে জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। সাজ্জাদ হুসাইন কর প্রশাসন অধিদপ্তরের পাশাপাশি রাজস্ব বোর্ডের অন্য একটি বিভাগেরও দায়িত্বে রয়েছেন।

তবে জহির মোহাম্মদ বলেন, গত বছরের একই সময়ের তুলনায় ২০০৫-০৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে আয়কর আদায়ের পরিমান ছিল ১৫ শতাংশ বেশি।

২০০৫-০৬ অর্থবছরের জন্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার ৬ শ’ ৫২ কোটি টাকা। ২০০৪-০৫ অর্থবছরে ৩২ হাজার এক শ’ ৯০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় হয় ৩০ হাজার ৫ শ’ কোটি টাকা। এদিকে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯ শ’ ৬০ কোটি টাকা।

মোট রাজস্ব আদায়ে আয়করের পরিমান মাত্র ১৬ শতাংশ। জোরদার কর প্রশাসন ও ব্যাপক অভিযান পরিচালনার মাধ্যমে মোট রাজস্বে আয়কর আদায়ের পরিমান আরও বাড়াতে দাতারা চাপ দিয়ে যাচ্ছেন।

আয়কর আদায়ের জন্যে জাতীয় রাজস্ব বোর্ড সারা দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করেছে। তাছাড়া একটি অঞ্চলের অধীনে ১৫ থেকে ২২টি সার্কেল কাজ করে বলে জানান বোর্ডের কর্তকর্তারা।