২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র বিমোচনের স্বার্থে দক্ষিণ এশীয় নারী উদ্যোক্তা ফোরাম গঠন প্রয়োজন

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং দারিদ্র বিমোচনে অবদান রাখার লক্ষ্যে নারী শিল্পোউদ্যোক্তারা দক্ষিণ এশিয়ায় একটি সহায়ক নারী ফোরাম গঠনের ওপর জোর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

“এনজেন্ডারিং এসএমইস: ওমেন ইন ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” শীর্ষক দু’দিনব্যাপী উচ্চ পর্যায়ের আঞ্চলিক ফোরামে নারী উদ্যোক্তারা বলেন, আঞ্চলিক অভিজ্ঞতার বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং বাজার সম্পর্কে আরো অধিক তথ্য পাওয়ার ক্ষেত্রে এ ফোরাম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তারা নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেয়ার জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান।

সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন স্টাডিস বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফোরাম সোমবার স্পেকট্রা কনভেশন সেন্টারে শেষ হয়।

ভূটান, নেপাল, উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশের প্রায় ২০০ জন নারী উদ্যোক্তা এবং সিনিয়র অফিসিয়ালগণ এ ফোরামে অংশ নেন। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডের বিশেষজ্ঞগণ জেন্ডার ও উদ্যোক্তা উন্নয়নে সহায়ক কিছু সফল অভিজ্ঞতার কথা ফোরামে আলোচনা করেন।

দেশের নেতৃস্থানীয় নারী উদ্যোক্তা নাসরিন আওয়াল মিন্টু বলেন, নারী উদ্যোক্তারা উন্নতি করছেন কিন্তু তারা কোন কোন ক্ষেত্রে দ্বিধান্বিত। তাদের মধ্যে প্রত্যয়ের অভাব রয়েছে। সে কারণেই তাদের যোগাযোগ ও নেটওয়ার্ক বাড়ানো প্রয়োজন।

বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সেলিনা আহমদ নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ওপর জোর দেন। তার ভাষায় নারী উদ্যোক্তাদের প্রশিক্ষিত করা সম্ভব হলে তারা আরো বেশি অবদান রাখতে পারবেন। তিনি বলেন, নারী উদ্যোক্তারা অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা, উৎপাদন ও বাজার ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন।

চিটাগাং ওমেন এন্টারপ্রিনিউয়ার্স এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন, অর্থনৈতিক উন্নয়নে নারীরা কার্যকর অবদান রাখতে সক্ষম। তবে তা নিশ্চিত করতে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন।

এসইডিএফ-এর প্রোগ্রাম ম্যানেজার মারলন লেজামা বলেন, “বাংলাদেশে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের দুই-তৃতীয়াংশই নারী। আর সে কারণেই জেন্ডার ইস্যুকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।”

তার ভাষায়, “জেন্ডারকে গুরুত্ব দিতে হবে কারণ নারী মালিকানায় পরিচালিত ক্ষুদ্র শিল্প উদ্যোগের ৭১ শতাংশই গ্রামে।” তিনি বলেন, ক্ষুদ্র্র ও মাঝারি উদ্যোগে প্রবৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর মাধ্যমে নারীরা এসইডিএফ-এর লক্ষ্য অর্জনে, দারিদ্র বিমোচন এবং শতাব্দীর উন্নয়ন লক্ষ্য (মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল) অর্জনে ভূমিকা রাখতে পারে।

ফোরামে এসইডিএফ সম্পাদিত একটি গবেষণা ফলাফল উপস্থপন করা হয়।