ক্রয় আইন প্রণয়নের ওপর নির্ভর করছে বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তা তৃতীয় ধাপের ছাড়: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান রোববার বলেছেন, বিশ্বব্যাংকের ২০ কোটি মার্কিন ডলারের উন্নয়ন সহযোগী ঋণের তৃতীয় ধাপের অর্থ ছাড়ের বিষয়টি ক্রয় আইন প্রণয়ন ও কার্যকর করার ওপর নির্ভর করছে।
ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বিদ্যমান সরকারি ক্রয় নীতিমালার সংস্কার করে শিগগিরই একটি আইন প্রণয়ণ করা হবে বলে তিনি জানান।
পরিকল্পনা কমিশনের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অর্থ মন্ত্রণালয়ে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) নিয়ে রোববার এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা বর্তমানে প্রচলিত নীতিমালার সংস্কার করে আইন প্রণয়নের বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে উত্থাপন করব।
বৈঠকে দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের চূড়ান্ত অনুমোদন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর বিষয়েও আলোচনা হয়।
অর্থমন্ত্রী বলেন, দাতারা, বিশেষ করে বিশ্বব্যাংক আমাদের ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা দেখতে চায়। বিশেষ করে তারা যেসব ক্ষেত্রে অনুদান ও সাহায্য দিয়ে থাকে সেসব ক্ষেত্রে তারা ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা চায়।
তিনি বলেন, তত্ত্বাবধান প্রক্রিয়া জোরদার ও ক্রয় আইন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) থেকে আগামী দু’ মাসের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ সহযোগিতা পেতে পারে।
দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সম্পর্কে সাইফুর রহমান বলেন, ইতোমধ্যেই স্থায়ী কমিটি পিআরএসপি অনুমোদন করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ১৭/১৮ অক্টোবরে অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনীতিক পরিষদের (এনইসি) বৈঠকে তা উত্থাপন করা হবে।
সাইফুর জানান, বৈঠকে ১২টি অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের বাস্তবায়ন বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য এগুলো এনইসি’র বৈঠকে উত্থাপন করা হবে।
সম্পদের অপচয় না করে যথাসময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রযোজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে বলেও মন্ত্রী জানান।
